মীর কাসেমের রিভিউ খারিজের রায় প্রকাশ, যাচ্ছে ট্রাইব্যুনালে

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:১২
 
মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর রিভিউ খারিজের রায় প্রকাশ করেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। মঙ্গলবার বিকাল পাঁচটা ১ মিনিটে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ আপিল বিভাগের অপর চার বিচারপতির সাক্ষরের পর এ রায় প্রকাশ করা হয়। প্রকাশিত রায়টি এখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে বিশেষ বার্তা বাহকের মাধ্যমে পাঠানো হবে। এরপরই ট্রাইব্যুনালের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তা ঢাকা কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে সূত্র জানিয়েছে।
 
সকাল নয়টা ১ মিনিটে মৃত্যুদণ্ডের রায় পুনঃবিবেচনা চেয়ে মীর কাসেম আলীর রিভিউ পিটিশন খারিজ করে দেয় আপিল বিভাগ। রিভিউ খারিজের রায়টি লিখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। ওই রায়ে একমত পোষণ করেছেন আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান। প্রকাশিত রায়টি ২৯ পৃষ্ঠার।
 

ইত্তেফাক/এএম।