উপস্থাপক শাকিব খান

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ১৮:২৫
চিত্রনায়ক শাকিব খানকে সাড়া বছর বড়পর্দায় দেখা গেলেও ঈদ ও অন্য বিশেষ দিনগুলোতে টেলিভিশন অনুষ্ঠানের আসনে দেখা যায় তাকে। সেই তারকা আড্ডার অনুষ্ঠানগুলোতে উপস্থাপকের বিভিন্ন প্রসঙ্গের সাথে চলে শাকিবের আড্ডা। সেই ধারাবাহিকতায় এবারও ঈদে একটি অনুষ্ঠানে দেখা যাবে শাকিবকে। তবে নতুন রূপে, নতুন শাকিব। উপস্থাপকের আসনটা এবার তার দখলে।
 
হ্যাঁ, একুশে টেলিভিশনে ঈদ উপলক্ষে নির্মিত ‘আমার ছবি আমার গান’ শিরোনামে একটি অনুষ্ঠানে উপস্থাপনা করলেন শাকিব খান। অনুষ্ঠানটি শাকিব কেন্দ্রিক। অনুষ্ঠানটিতে শাকিব নিজেই নিজের গান ও ছবির বিষয়ে কথা বলবেন। যেখানে মোট ১০টি গান দেখানো হবে। এই দশটি গানের পেছনের গল্পগুলো শাকিব বলবেন।
 
অনুষ্ঠানের শেষের দিকে অংশ নিবেন নবাগত নায়িকা বুবলী। এবার ঈদে মুক্তি অপেক্ষিত চলচ্চিত্র ‘বসগীরি’ প্রসঙ্গে কথা বলবেন শাকিব ও বুবলী। এছাড়াও ‘শুটার’ শিরোনামে শাকিবের আরও একটি চলচ্চিত্র মুক্তি পাচ্ছে এই ঈদে।
 
IMG0
 
দুটি ছবি প্রসঙ্গেই বিভিন্ন গল্প দর্শকরা জানতে পারবেন শাকিবের মুখ থেকে। অনুষ্ঠানটি পরিকল্পনা করেছেন একুশে টেলিভিশনের অনুষ্ঠান প্রধান ফারহানা নিশো ও প্রযোজনা করেছেন আসাদুজ্জামান। অনুষ্ঠানটি প্রসঙ্গে ফারহানা নিশো বলেন, ‘টেলিভিশনের অনুষ্ঠানে যেনো ভিন্নতা আসে সেটা আমি বরাবরই নজর রাখি। তাই মৌলিক কিছু পরিকল্পনায় অনুষ্ঠানগুলো নির্মাণের চেষ্টা করি। সেই জায়গা থেকেই এবার শাকিবকে নিয়ে এই পরিকল্পনা।
 
দর্শকরা শাকিবকে সবসময় চলচ্চিত্রে অভিনয় করতে দেখেই অভ্যস্ত। এবার ভিন্ন পরিচয়ে শাকিবের এই অনুষ্ঠানটি দর্শকদের ভালো লাগবে আশা করি।’
 
ইত্তেফাক/এসএসএ