কসোভোয় ‘অজ্ঞাতনামা’ প্রদর্শনী

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২০:৪৯
মুক্তির পর থেকেই প্রশংসামুখর তৌকীর আহমেদের নতুন ছবি ‘অজ্ঞাতনামা’। আনুষ্ঠানিকভাবে মুক্তির আগেই তৌকীর আহমেদের অজ্ঞাতনামা ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালে অর্জন করে জুরি মেনশন অ্যাওয়ার্ড। তার আগে চলচ্চিত্রটি প্রদর্শিত হয় কান চলচ্চিত্র উৎসবের সিনেমা বাজার মার্শে দু ফিল্মে।
 
মুক্তির পর এবার দেশের বাইরের চারটি চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্যও প্রস্তুত চলচ্চিত্রটি। কসোভোর চলচ্চিত্র উৎসব ‘দ্য গডেস অন দ্য থ্রোন’-এ বুধবার থেকে প্রদর্শিত হবে ৪ সেপ্টেম্বর পর্যন্ত, রকভেলের ‘ডিসি সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল-এ প্রদর্শিত হবে ৯ থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত,  ইতালির ‘রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ৭ থেকে ১৭ অক্টোবর পর্যন্ত এবং যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির ‘সিয়াটল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল’-এ প্রদর্শিত হবে ১৫ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত।
 
মুক্তির পরপরই অজ্ঞাতনামা দেশের বাইরের চারটি উত্সব থেকে আমন্ত্রণ পাওয়ায় বেশ উচ্ছ্বসিত তৌকীর আহমেদ। তিনি বলেন, ‘এ ধরনের উৎসবে যোগ দেওয়ার মধ্য দিয়ে সেসব দেশের অনেকের সঙ্গে আমাদের সাংস্কৃতিক একটা সম্পর্কও তৈরি হয়। এই সম্পর্কের মধ্য দিয়ে অনেকে হয়তো আমাদের দেশের কোনো ছবির পৃষ্ঠপোষকতা করতে আগ্রহী হবেন। এটা একটা জাতীয় কাজ। এর মাধ্যমে বাংলাদেশকে খুব সুন্দরভাবেই তুলে ধরা হয়। তাই আনন্দের ব্যাপারটা একটু বেশি।’