উত্সাহ বোনাস কমানোর কারণে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। বোনাস কমানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ এসোসিয়েশন (সিবিএ)।
মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক প্রাঙ্গণে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
এর আগে গত সোমবার বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় কর্মকর্তা-কর্মচারীদের বোনাস আগের বছরের তুলনায় কমানোর সিদ্ধান্ত নেয়া হয়। দীর্ঘদিন ধরেই বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের পাঁচগুণ উত্সাহ বোনাস পেয়ে আসছিলেন। কিন্তু সোমবারের পর্ষদ সভায় ২০১৫-১৬ অর্থবছরের জন্য চারগুণ বোনাস দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। সাধারণত মুনাফার ওপর প্রতি বছর কর্মকর্তা-কর্মচারীদের এ বোনাস দেয়া হয়। অর্থবছরের হিসাব চূড়ান্ত হওয়ার আগে বিশেষ এ বোনাস দেয়া হয়।
পরিচালনা পর্ষদের বৈঠকে বোনাস কমানোর পাশাপাশি মূল বেতন ধরা হয় আগের কাঠামো অনুযায়ী। এর আগে কখনও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের অর্থবছর শেষে দেয়া উত্সাহ বোনাসের ক্ষেত্রে মূল বেতনের হিসাব আগের কাঠামো অনুযায়ী করা হয়নি।
ইত্তেফাক/এএম।
