২০২১ সাল নাগাদ মাথাপিছু আয় হবে আড়াই হাজার ডলার: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

আপডেট : ৩০ আগস্ট ২০১৬, ২২:৫৬
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপি আশা প্রকাশ করে বলেছেন, 'আগামী ২০২১ সাল নাগাদ বাংলাদেশের জনগণের মাথাপিছু আয়ের পরিমাণ দাঁড়াবে আড়াই হাজার ডলার।'
 
বর্তমানে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ১৪শ' ডলার। তিনি মঙ্গলবার কেরানীগঞ্জ উপজেলা পরিষদে মাঠে আয়োজিত 'মডার্ন চুলা মেলা' উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
 
এ সময় প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়ে গেলে ঘরে ঘরে এলপি গ্যাস ও বিদ্যুৎ পৌঁছে যাবে।' তিনি ২০২১ সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকারের কথা ব্যক্ত করে বলেন 'আমি আশা করছি, ২০১৮ সালের মধ্যেই প্রধানমন্ত্রীর এ প্রত্যাশা আমরা বাস্তবায়ন করতে পারবো।'
 
নসরুল হামিদ বলেন, একটা পদ্মা সেতু দক্ষিণাঞ্চলের মানুষের আয় দ্বিগুণ করবে। বিদ্যুতের ব্যবহার বাড়বে ৩ গুণ। তিনি যখন এ মন্ত্রণালয়ের দায়িত্ব পান তখন প্রতিমাসে ১২ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ দেয়া হতো আর এখন প্রতি মাসে সাড়ে ৩ লাখ নতুন সংযোগ দেয়া হচ্ছে।
 
প্রতিমন্ত্রী বলেন, আগামী ৩০ বছর পর বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি দিয়ে সারাদেশ চলবে। এরই ধারাবাহিকতায় কেরানীগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে পাইলট প্রকল্প হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। কেরানীগঞ্জের প্রকল্প সফল হলে ক্রমান্বয়ে দেশের প্রতিটি উপজেলায় বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে। এতে করে পরিবেশ রক্ষা পাবে এবং বিদ্যুৎ তৈরির পর বর্জ্যরে উচ্ছিষ্ট থেকে সার তৈরি করা হবে।
 
টেকসই এবং নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষ এবং দ্য গ্লোবাল অ্যালায়েল ফর ক্লিন কুকস্টোভ (জিএসিসি)-এর যৌথ উদ্যোগে এ মেলার আয়োজন করা হয়। স্প্রেডার চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম সিকদার, সদস্য সিদ্দিক জুবায়ের, কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, ভেনাস ইন্টারন্যাশনাল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিএম রাজা প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
 
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রচলিত চুলা থেকে নির্গত ধোঁয়া স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়। নারী ও শিশুরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়। কিন্তু ‘মডার্ন চুলা’ থেকে ধোঁয়া নির্গত হয় না। তাই কারো হাতে একটি মডার্ন চুলা তুলে দেয়া মানে একটি জীবন তুলে দেয়া। -বাসস।
 
ইত্তেফাক/এসএস