রিশার খুনীকে গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবরোধ চলছে। তাদের একটাই দাবি, যেভাবে হোক ঘাতককে গ্রেফতার করতে হবে। গতকাল বেলা সাড়ে ১১টার দিকে তৃতীয় দিনের মতো রিশার হত্যাকারীর গ্রেফতার ও বিচার দাবিতে রাস্তায় নামে শিক্ষার্থীরা। কাকরাইল মোড়ের রাজমনি সিনেমা হলের সামনে মূল সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রাখে তারা। এতে কাকরাইলসহ আশপাশের সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। মেয়ের হত্যাকারীর বিচারের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচিতে রিশার বাবা-মাও অংশ নেন।
বিক্ষোভ কর্মসূচি থেকে রিশার খুনিকে আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে গ্রেফতারের সময়সীমা বেঁধে দিয়েছে তার সহপাঠী ও শিক্ষার্থীরা। খুনিকে গ্রেফতারে সময় বেঁধে দেয়ার পাশাপাশি নতুন কর্মসূচিও ঘোষণা করা হয়। সে অনুযায়ী আজ বুধবার উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে দোয়া ও শোকসভা এবং আগামীকাল সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হবে। আন্দোলনে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের শিক্ষার্থীরা ছাড়াও নটরডেম কলেজ, ঢাকা কলেজ, রেসিডেন্সিয়াল মডেল কলেজ, ঢাকা ইম্পেরিয়াল কলেজ, আইডিয়াল কলেজ, বিএফ শাহিন কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়।
ডিএমপি’র রমনা জোনের উপ-কমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার জানিয়েছেন, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ওবায়দুলকে গ্রেফতারের চেষ্টা চলছে। সে যাতে পালিয়ে যেতে না পারে সেজন্য সোমবার ইমিগ্রেশনে চিঠি পাঠানো হয়েছে।
এদিকে রিশার হত্যাকারী ওবায়দুলকে ধরিয়ে দিতে পুলিশের অফিসিয়াল ফেসবুক পেজের ইনবক্সে তথ্য দেয়ার আহবান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। ডিএমপি’র অফিসিয়াল ফেসবুক ঠিকানা, facebook.com/dmpdhaka/|
স্টাফ রিপোর্টার, দিনাজপুর থেকে জানান, ঢাকার চাঞ্চল্যকর রিশা হত্যাকাণ্ডের নায়ক ওবাইদুলের বোন খাজিদা বেগম এবং ভগ্নিপতি খাদেমুল ইসলামকে সোমবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। দিনাজপুরের পুলিশ সুপার মোঃ হামিদুল আলম এ কথা জানিয়েছেন।
ইত্তেফাক/এএন
