বঙ্গবন্ধুর ঘাতকদের লক্ষ্য অর্জিত হয়নি : আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ০৯:১৩
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বঙ্গবন্ধুকে বাদ দিয়ে কেউ বাঙালি হতে পারবে না। যে লক্ষ্য নিয়ে তাকে হত্যা করা হয়েছে ঘাতকদের সে লক্ষ্য অর্জিত হয়নি। তিনি বলেন, আমরা যে মত, পথ ও রাজনীতিতে বিশ্বাস করি না কেন বঙ্গবন্ধু সার্বজনীন। গতকাল মঙ্গলবার ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু এসব  কথা বলেন। বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি) এ আলোচনা সভার আয়োজন করে।
 
সংস্থার নিজস্ব কার্যালয়ে আয়োজিত এ আলোচনা সভায় আনোয়ার হোসেন মঞ্জু বলেন, বঙ্গবন্ধু হত্যাকে বিচ্ছিন্নভাবে দেখলে হবে না। ৬০ এর দশক পরবর্তী সময়ে এশিয়া ল্যাটিন আমেরিকা এবং আফ্রিকায় অনেক জাতীয়তাবাদী নেতাকে হত্যা করা হয়েছে। যারা এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তারা মনে করেছিলেন, হত্যার মাধ্যমে এসব নেতার আদর্শ মুছে দেওয়া যাবে। কিন্তু এখন তারা তিলে তিলে উপলব্ধি করছেন যে, তাদের সে ধারণা সমপূর্ণ ভুল। তিনি বলেন, একটি লক্ষ্য অর্জনের জন্য দেশের সকল মানুষকে কিভাবে রাজপথে নিয়ে আসতে হয় তার উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন বঙ্গবন্ধু। তিনি ছিলেন জাদুকরের মতো। তার সংস্পর্শে যারা এসেছেন তারা তার অনুগত হয়েছেন। উদাহরণ দিয়ে তিনি বলেন, বঙ্গবন্ধু যখন ৬ দফা দেন তখন বাম দলের নেতারা তা মানেননি। কিন্তু পরবর্তীতে এসব বাম নেতা স্বাধিকার আন্দেলনে এক কাতারে শামিল হয়েছেন। পরিবেশ ও বন মন্ত্রী আরো বলেন, এখন অনেকে প্রধানমন্ত্রীসহ বাংলাদেশের অর্জনের প্রশংসা করেন। কিন্তু একদিন তারাই বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি বলেছেন। বঙ্গবন্ধু হত্যা বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় দিন উল্লেখ করে তিনি বলেন, বঙ্গবন্ধুর রক্তদান এবং ত্যাগ কোনোদিন বৃথা যাবে না।
 
অনুষ্ঠানে বিশেষ অতিথি পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন, অনেকে স্বাধীনতার ঘোষণা নিয়ে বিতর্ক করেন। তাদের মনে রাখা উচিত ৭১ সালের ৭ই মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেন, দেশে যে খুনোখুনি চলছে তার সূত্রপাত হয়েছিল বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে। এরপর আওয়ামী লীগের অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। তিনি বলেন, এ জাতি বীরের জাতি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে বাঙালি জাতি এগিয়ে যাচ্ছে এবং যাবে।
 
শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করার পর হত্যাকারীরা দম্ভ করেছিল। তারা বলেছিল তাদের কিছুই হবে না। কিন্তু বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচার হয়েছে। যেসব খুনি বিদেশে পালিয়ে আছে তাদেরকে ফেরত এনে বিচারের রায় কার্যকর করার দাবিও জানান তিনি।
 
বিএফআইডিসির চেয়ারম্যান আব্দুল কাদের এনডিসি বলেন, বনশিল্প উন্নয়নের জন্য বঙ্গবন্ধুর অবদান অনেক। বঙ্গবন্ধু বনশিল্প উন্নয়ন করপোরেশন ভবন নির্মাণ করেছিলেন।
 
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএফআইডিসি শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি এটিএম ফজলুল হক এবং সাধারণ সম্পাদক মো: মতিউর রহমান। অনুষ্ঠান শেষে বঙ্গবন্ধুর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়। 
 
ইত্তেফাক/এএন