সময় টিভির টক শোর রেকর্ড দাখিলের নির্দেশ

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৩:১৬
 
বেসরকারি টেলিভিশন চ্যানেল সময় টিভিতে ৩০ আগস্ট সম্প্রচারিত একটি টক শোর অডিও, ভিডিও ও শ্রুতিলিখন দাখিল করতে নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। আগামী ৪ সেপ্টেম্বরের মধ্যে চ্যানেলটির প্রধান নির্বাহী কর্মকর্তা বা প্রযোজককে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল দফতরে এসব জমা দিতে বলা হয়।
 
বুধবার অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বিষয়টি আদালতের নজরে আনেন। এরপর প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
 
মাহবুবে আলম বলেন, এই আদালত, ট্রাইব্যুনাল ও মীর কাসেমের রায় নিয়ে টকশোতে যে সব আলোচনা হয়েছে, তা অবমাননাকর কি-না, তা খতিয়ে দেখা উচিত।
 
এসময় আদালত ঐ টেলিভিশন স্টেশনের নাম জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল জানান, ‘সময় টিভি’। এরপর আদালত উপরিউক্ত আদেশ দেয়। 
 
মঙ্গলবার রাত ১০টায় সময় টিভির নিয়মিত আলোচনা অনুষ্ঠান ‘সম্পাদকীয়তে’  “যুদ্ধাপরাধের বিচার এবং ‘কাঠগড়ায়’ প্রসিকিউশন” শিরোনামে টকশো প্রচারিত হয়। অনুষ্ঠানে আলোচক হিসেবে ছিলেন আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজ ও জ্যেষ্ঠ সাংবাদিক স্বপন দাশগুপ্ত। সঞ্চালনায় ছিলেন আহমেদ জোবায়ের।
 
ইত্তেফাক/এএসএস