কাউনিয়ায় বেতনের দাবিতে শিক্ষকদের ক্লাস বর্জন

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৫:৩০
রংপুরের কাউনিয়া উপজেলায় বেতনের দাবিতে টেপামধুপুর বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ে ক্লাস বর্জন করেছে শিক্ষকরা। এতে করে ওই প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে।
 
জানা গেছে, ওই বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ হোসেন আলী অবসরে যাবার পর থেকে ওই পদ নিয়ে দুইটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব, মামলা ও হামলা চলছে। এরই মধ্যে ওই প্রতিষ্ঠানের কমিটির মেয়াদ শেষ হলে এ্যাডহক কমিটি এসে বিষয়টির সুরাহা করতে গেলে তাদের মেয়াদও শেষ হয়ে যায়। গত তিন মাস ধরে প্রতিষ্ঠানটি চলছে কমিটিবিহীন। বর্তমান অধ্যক্ষের দায়িত্বে আছেন হাসিনা বুলবুল। তিনি গত মে-জুন মাসের বেতন করিয়ে দিলেও শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন না পাওয়ায় মঙ্গলবার থেকে ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন।
 
প্রতিষ্ঠানের শিক্ষকদের অভিযোগ, বর্তমানে যিনি দায়িত্বে আছেন তিনি অবৈধভাবে ক্ষমতা দখল করে শিক্ষকদের বিভক্ত করছেন। তার কারণেই একটি প্রতিষ্ঠানের ৩৮ শিক্ষক-কর্মচারী কষ্ট করছে।
অধ্যক্ষ হাসিনা বুলবুল বলেন, ‘তিন মাস ধরে প্রতিষ্ঠানটিতে কোনো কমিটি নাই। তিনি কমিটির জন্য বোর্ডে গেলে রেজাউল করিম নামে একজন প্রভাষক বোর্ডে মামলা আছে মর্মে অভিযোগ দেয়ায় কমিটির বিষয়টি নিষ্পত্তি হচ্ছে না।’
 
বেতনের বিষয়ে তিনি বলেন, ‘প্রজ্ঞাপনে কমিটি না থাকলে ইউএনও মহোদয়ের স্বাক্ষরে বিল করতে হয়। ওই শিক্ষক বিলে স্বাক্ষর না করায় ইউএনও মহোদয় বিলে স্বাক্ষর করেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কয়েকদিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে।’
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘আমি ঢাকায় আছি। তাই বিষয়টি জানিনা।’
 
ইত্তেফাক/এএসএমইউ