কৃষিজমিতে লোনা পানির চিংড়ি চাষ অবৈধ

আপডেট : ৩১ আগস্ট ২০১৬, ১৮:০১
উপকূলের কৃষিজমি ও বনভূমিতে লোনা পানি ঢুকিয়ে বাণিজ্যিকভাবে চিংড়ি চাষ অবৈধ ঘোষণার হাইকোর্টের রায় বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল বুধবার খারিজ করে দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ।
 
কৃষিজমি ও বনাঞ্চলকে লোনা পানির হাত থেকে রক্ষার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) ও 'নিজেরা করি'। এতে বলা হয়, উপকূলীয় বিভিন্ন জেলায় স্থানীয় প্রভাবশালীরা কৃষকদের সম্মতি না নিয়েই জোরপূর্বক জমিতে লোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষ করে। ওই রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট এ বিষয়ের ওপর রুল জারি করে। রুলের চূড়ান্ত শুনানি শেষে ২০১২ সালের ১ ফেব্রুয়ারি হাইকোর্ট বাণিজ্যিক ভিত্তিতে উপকূলীয় এলাকায় লোনা পানি প্রবেশ করিয়ে চিংড়ি চাষ অবৈধ ঘোষণা করে।
 
এছাড়া কৃষিজমি, বনভূমি ও পাবলিক ওয়াটার বডিতে লোনা পানির প্রবেশ বন্ধ এবং সকল চিংড়ি প্রকল্পের পরিবেশগত ছাড়পত্র নিতে নির্দেশনা দেওয়া হয়। হাইকোর্টের এই রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করে রাষ্ট্রপক্ষ।
 
রিটকারী পক্ষে আইনজীবী এএম আমিন উদ্দিন, সৈয়দা রিজওয়ানা হাসান ও মিনহাজুল হক চৌধুরী এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ আবেদনটি দেরিতে করা হয়েছে মর্মে খারিজ করে দেয়। আপিলের আবেদন খারিজের মাধ্যমে হাইকোর্টের রায় বহাল রইল বলে জানান আইনজীবীরা।