গানের সঙ্গে জুটিবদ্ধ হয়েছেন অনেকবারই, কিন্তু এবারই প্রথম একসঙ্গে অভিনয়ে জুটিবদ্ধ হলেন ডলি সায়ন্তনী ও শুভ্রদেব। ‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’ শিরোনামে একটি নাটকে দেখা যাবে তাদেরকে। এরইমধ্যে নাটকটির দৃশ্য ধারণও শুরু হয়েছে।
অভিনয়ে আসা প্রসঙ্গে ডলি সায়ন্তনই বলেন, ‘কিছুদিন আগেও ভাবিনি অভিনয় করবো। আমার ‘কালিয়া’ অ্যালবাম বের হওয়ার পরই চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম। এরপর বিভিন্ন সময় বিজ্ঞাপনের মডেল হওয়ারও প্রস্তাব এসেছিল। আমার ইচ্ছে থাকলে অনেক আগেই অভিনয় করতে পারতাম। কিছুদিন আগে এনটিভির ঈদের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশ নিয়েছি শুভ্রদার সঙ্গে। পরদিন তিনি আমাকে ফোন করে নাটকটিতে অভিনয়ের প্রস্তাব দেন।’
‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’-এর কাহিনিতে রয়েছে ত্রিভুজ প্রেম। ডলি সায়ন্তনীর প্রেমিক শুভ্রদেব। তার চরিত্রটি একজন সঙ্গীতশিল্পীর। কিন্তু পারিবারিক জটিলতার কারণে তার বিয়ে হয় বন্ধুর সঙ্গে। ডলির আগের ভালোবাসার কথা জানা পরও স্বামী তাকে ভালোবাসেন। কিন্তু ডলি ভালোবাসেন শুভ্রকে। ঈদুল আজহায় এনটিভির পর্দায় প্রচার হবে ‘শ্রাবণ এসেছিল গান নিয়ে’।
