বর্তমান সরকার পরিবেশ ও জনবান্ধব সরকার : পরিবেশ ও বন মন্ত্রী

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০০:২১
পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, ‘বর্তমান সরকার পরিবেশ ও জনবান্ধব সরকার। পরিবেশের ক্ষতি হয় এমন কোনো কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার কখনোই করবে না।’ গতকাল বুধবার বিকালে ফতুল্লার নরসিংপুর এলাকায় অবস্থিত দেশের সবচেয়ে পরিবেশবান্ধব গার্মেন্ট কারখানা প্লামি ফ্যাশন লিমিটেড পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় এমপি এ.কে.এম শামীম ওসমান, পরিবেশ ও বন সচিব ড. কামাল উদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 
এর আগে মন্ত্রী নারায়ণগঞ্জ পৌঁছলে ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য শামীম ওসমান তাকে ফুল দিয়ে স্বাগত জানান। মতবিনিময়কালে পরিবেশ ও বন মন্ত্রী বলেন, রামপাল বিদ্যুত্ কেন্দ্র সুন্দরবন কিংবা অন্য কোন কিছুর ক্ষতি করবে, এমন কোন তথ্য দেশি-বিদেশি কোন সংস্থা এখনো দিতে পারেনি। তিনি বলেন, ‘পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্বারা কখনো সম্ভব হবে না। পরিবেশের ক্ষতি হবে না এরকম সব ধরনের ব্যবস্থা রেখেই প্রকল্পটি   করা হচ্ছে। যারা এলোমেলো বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী তার সংবাদ সম্মেলনে জ্ঞানগর্ভ তথ্যের মাধ্যমে তার জবাব দিয়েছেন। তাদের জানা থাকা উচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের চেয়ে কম জ্ঞানের অধিকারী নন।’
 
আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, বর্তমান প্রজন্ম এবং নতুন প্রজন্ম যাতে পরিবেশবান্ধব শিল্প প্রতিষ্ঠান আবাসিক এলাকায়ও গড়ে তুলতে পারে সেজন্য সরকার সকল ধরনের সহযোগিতা করে যাবে। নারায়ণগঞ্জের বর্জ্যকে সারে পরিণত করার পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, নারায়ণগঞ্জসহ সমগ্র দেশে পরিবেশবান্ধব শিল্পকারখানা গড়ে তুলতে এ সরকার বদ্ধপরিকর। এসময় এমপি শামীম ওসমান শীতলক্ষ্যা ও বুড়িগঙ্গা নদীকে দূষণমুক্ত করার জন্য মন্ত্রীর প্রতি আহ্বান জানান।
 
এদিকে প্লামি ফ্যাশন কারখানা পরিদর্শনকালে এর এমডি ফজলুল হক মন্ত্রীর কাছে প্রতিষ্ঠানটির বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি বলেন, ‘দেশের সবচেয়ে বড় সোলার প্রজেক্টে পরিচালিত এ ফ্যাক্টরিটি সম্পূর্ণ পরিবেশবান্ধব। পরিবেশের স্বার্থ রক্ষায় যা যা করণীয় এ ফ্যাক্টরিতে তার সব উপাদান রয়েছে।’ প্রসঙ্গত, গত ৩১ জুলাই প্লামি ফ্যাশন লিমিটেড জাতীয় পরিবেশ পুরস্কার অর্জন করে।
 
 

ইত্তেফাক/এএন