সরকারি জমির পর চলছে নদী দখল

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০২:০১
আগৈলঝাড়ায় সরকারি জমি দখলের পর এবার নদী দখলের প্রতিযোগিতায় নেমেছে স্থানীয় প্রভাবশালীরা।
 
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার একমাত্র সন্ধ্যা নদীর তীরে গড়ে ওঠা পয়সারহাট বন্দর ও সেতুর পূর্ব পাড় দখল শুরু হয়েছে। নদীর অংশ পাইলিং করে ভরাটের মাধ্যমে অবৈধ দখল করে সেখানে ইট বালুর ব্যবসা করছেন স্থানীয় এক ব্যক্তি। নদীর পশ্চিম পাড়ে আশ্রয়ণ প্রকল্প সংলগ্ন ওয়াপদার জমি ও স্থানীয় হরেন্দ্র নাথ হালদারের জায়গা দখল করে বালু দিয়ে ভরাট করে সেখানে বালুর ব্যবসা করে আসছে কাশেম সিকদারের ছেলে নজরুল ইসলাম সিকদার। হরেন্দ্র নাথের ছেলে অমৃত হালদার পৈত্রিক জমি পুনরুদ্ধারে ১৭ আগষ্ট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেছেন। 
 
দীর্ঘদিনেও সন্ধ্যা নদী খনন না করায় এবং সম্প্রতি অর্থনৈতিক অঞ্চল বাস্তবায়নের খবরে নদীর বিভিন্ন স্থানে জেগে ওঠা চর ও বন্দরে এবং হিন্দুদের সম্পত্তি দখল চলছে। সমস্যা হচ্ছে ঢাকাগামী লঞ্চ চলাচল ও সেচ মৌসুমে পানি সরবরাহেরও। তার উপর দখলদারদের কারণে নদী দখল ভয়াবহ আকার ধারণ করছে। পয়সারহাট নৌ বন্দর এলাকায় জেগে ওঠা চর ও হিন্দু সম্পত্তি দখল করে দ্বিতল পাকা ভবন নির্মাণ করেছে স্থানীয় প্রভাবশালী।
 
 
ইত্তেফাক/এএন