কোরবানি উপলক্ষে পাহাড় থেকে প্রতিদিন আসছে শত শত গরু

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০২:১০
আসন্ন পবিত্র কোরবানির ঈদকে সামনে রেখে পার্বত্য চট্টগ্রামের পাহাড় থেকে বেপারিরা প্রতিদিন শত শত গরু নিয়ে আসছেন। রাঙ্গামাটি জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে এসব গরু নিয়ে আসা হচ্ছে বলে জানা গেছে। ঈদুল আজহা উপলক্ষে জেলার নানিয়ারচর, জুরাছড়ি, বরকল, বাঘাইছড়ি, বিলাইছড়ি, বরকল ইত্যাদি উপজেলা থেকে কাপ্তাই লেকে ইঞ্জিন নৌকা ভর্তি করে বেপারিরা এসব গরু আনছেন। বেশিরভাগ গরু কাপ্তাই জেটি এবং রাঙ্গামাটির পুরান ট্রাক স্ট্যান্ড ঘাটে নামানো হচ্ছে। এসব ঘাট থেকে গরুগুলোকে পরে মিনি ট্রাক ও চাঁদের গাড়ি করে শহরের দিকে নিয়ে যাওয়া হয়।
 
মঙ্গলবার সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ১৫-২০টি ইঞ্জিন নৌকা ভর্তি প্রায় দুই শতাধিক গরু ঘাটে নামানো হচ্ছে। এসব গরু শহরে নেওয়ার জন্য ঘাটের পাশে বেশ কয়েকটি মিনি ট্রাক ও চাঁদের গাড়ি অপেক্ষা করছে। পরে চাঁদের গাড়ি করে এসব গরু চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হয়।
 
সুরুজ আলী নামের এক বেপারি জানান, এবার ভারত থেকে গরু আসা প্রায় বন্ধ রয়েছে। সে কারণে দেশি গরুর প্রতি মানুষের আগ্রহ বেশি। আর কোরবানির ঈদে পাহাড়ের গরুর প্রতি মানুষের আকর্ষণ সব সময়ই বেশি দেখা যায়। তবে বাজারে লাল রঙের গরুর চাহিদা থাকে সবচেয়ে বেশি। এর দামও চড়া। ঈদ যতই ঘনিয়ে আসছে পাহাড় থেকে গরু আমদানির পরিমাণও বাড়ছে বলে তিনি জানান।
 
 
ইত্তেফাক/এএন