গার্দিওলার চোখে বার্সাই সেরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৩৮
বার্সেলোনা কোচ লুইস এনরিকের প্রশংসা করে এর সাবেক কোচ পেপ গার্দিওলা বলেছেন যে, বিশ্বের কোন দল বার্সেলোনার চেয়ে ভালো ফুটবল খেলে না।
 
চ্যাম্পিয়ন্স লিগের ড্র’তে সাবেক এই ক্লাবের গ্রুপে পড়েছে গার্দিওলার বর্তমান দল ম্যানচেস্টার সিটি। ফলে ইউরো এই টুর্নামেন্টে সাবেক ক্লাবটির মুখোমুখি হওয়া ছাড়া উপায় নেই প্রিমিয়ার লিগের জায়ান্টদের।
 
কাতালান ক্লাব ছেড়ে আসার পর তৃতীয় ও চতুর্থবারের মতো তাদের মুখোমুখি হতে যাচ্ছেন গার্দিওলা। ২০১১-১২ মৌসুম শেষে বার্সা ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেন গার্দিওলা। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে গিয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হয়ে পরাজয়ই দেখতে হয়েছে তাকে। দুই মৌসুম আগে অনুষ্ঠিত হোম ও এ্যাওয়ে ম্যাচে ৫-৩ গোলে এগিয়ে থেকে ফাইনাল নিশ্চিত করেছিল বার্সেলোনা। 
 
গার্দিওলা বলেন, ফের কঠিন পরীক্ষা দিতে হবে তাকে। বিশেষ করে বার্সেলোনার আক্রমণভাগের ত্রিমূর্তি এমএসএন-এর বিপক্ষে। লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার মিলে অসাধারণ এই গ্রুপ গড়ে তুলেছে বার্সেলোনার আক্রমণ ভাগে।
 
৪৫ বছর বয়সী গার্দিওলা কাতালান রেডিও স্টেশন টট কস্টাকে বলেন, ‘আমার ধারণা শিগগিরই বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছি । যেখানে আমাদের পুরোটা সময় জুড়েই সেরাটা খেলতে হবে। কারণ, এখানে তাদের (বার্সা) চেয়ে ভালো দল আর একটিও নেই। তাদের আক্রমণভাগের ত্রিমূর্তি আপনাকে ভারসাম্যহীন করে দিতে পারে। এর নেপথ্যেও প্রচুর কাজ করা হয়।’
 
কাতালানের এই নাগরিক বলেন, ‘বার্সেলোনা যেভাবে খেলছে তাতে এমন ভাবার কোন কারণ নেই যে, এর কোচ লুইস এনরিখকে এখন খুব বেশী কাজ করতে হয় না। বরং আগামীতে তারা আরো বেশী প্রস্তুতি নিয়ে আসছে। তারা সেরা দল। তাই আমাদের কঠিন পরীক্ষা দিতে হবে। আমাদের এই চ্যালেঞ্জ নিয়েই বুঝতে হবে কোন অবস্থানে আমরা রয়েছি।’