ঈদের ব্যস্ততা চলছে। প্রতিবারের মতো এবার ঈদেও একাধিক নাটকে অভিনয় করেছেন নাঈম। একক নাটক কিংবা টেলিফিল্ম সব মিলিয়ে ব্যস্ততা এখন অনেক। নাঈম সম্প্রতি ‘পূর্ণতা’ শিরোনামে একটি নাটকে অভিনয় করেছেন। যেখানে তার বিপরীতে অভিনয় করেছেন জাকিয়া বারি মম। নাটকটির গল্পে দেখা যাবে, চয়ন একটি প্রাইভেট ফার্মে কাজ করে অনেকদিন ধরে।
তাই জীবনযাপনের অভ্যেসটা বড় একঘেঁয়ে হয়ে গেছে। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে শিউলির উচ্চকণ্ঠের তীব্র স্বরের চিত্কারে ঘুম ভাঙা, তারপর সেই ঘুম চোখে প্রাতঃকৃত সম্পন্ন পূর্বক ফ্রেশ হয়ে অফিসের জন্য প্রস্তুতি গ্রহণ। এইখানে প্রতিদিনের একই ঝামেলা, জামা পাওয়া যায় তো প্যান্ট খুঁজতে হয়, টাই পাওয়া যায় তো ঘড়ি থাকে না, ম্যানিব্যাগ থাকলে তো তার মধ্যে অর্থের অস্তিত খুঁজে পাওয়া দুস্কর। জুতো আর মোজা তো সারাজীবনের সতীন। দুটোকে একসাথে পাওয়ার চেষ্টাই বৃথা। এভাবেই চলতে থাকে নাটকটির গল্প। ঈদে নাটকের পরিমাণ বাড়ছে প্রতি ঈদেই। দর্শকের চাহিদার সাথে তাল মিলিয়ে বদলাচ্ছে গল্পের ধরন। কিন্তু সেসব গল্প দর্শকদের চাহিদা কতটা মেটাতে পারছে সেই বিষয়টি অনেক দিক থেকে প্রশ্নবিদ্ধ।
নাঈম নাটকের এসব সার্বিক দিক থেকে বলেন, ‘সময়ের সাথে মিল রেখে নাটকের গল্প বদলায়। সেটা শহর কেন্দ্রিক গল্প হোক বা গ্রাম কেন্দ্রিক। আমাদের নাটকের প্রতি দর্শকদের আগ্রহ সবসময়ই আছে। হ্যাঁ, এটা বলা যায় যে, দর্শক এখন টেলিভিশনের চেয়ে অনলাইনে নাটক বেশি দেখেন। ভালো নাটক যেমন হচ্ছে তেমনি মানহীন নাটকও নির্মিত হচ্ছে। তবে আমি সার্বিক দিক থেকেই নাটকে ভালোটাই দেখছি। এবার ঈদেও অনেক ভালো নাটক নির্মিত হচ্ছে। আশা করি সেগুলো দর্শকদের ভালো লাগবে।’
