বিয়ের পর যেন একটু চুপচাপই হয়ে গেছেন শখ। শুটিং স্পটে সময়মতো আসা, স্পটে আসার আগে স্ক্রিপ্ট পড়া, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে রিহার্সেল করা এবং শুটিংয়ের ফাঁকে ফাঁকে স্বামী নিলয়ের খোঁজ নেওয়া যেন সবই এখন শখের অভ্যাসে পরিণত হয়েছে। তাই এখন আর চাইলেও কেউ অভিযোগ দাঁড় করাতে পারেন না শখের বিরুদ্ধে। বদলে গেছেন শখ। তাকে নিয়ে লিখেছেন মিলান আফ্রিদী।
সেদিন বিকেলে রাজধানীর উত্তরায় ‘আপন ঘর-১’-এ শুটিং হচ্ছিল আনিকা কবির শখ অভিনীত একটি ঈদের নাটকের। এতে তার বিপরীতে ছিলেন ‘নোয়াশাল’খ্যাত নির্মাতা ও অভিনেতা মীর সাব্বির। লোকেশনে পৌঁছা মাত্রই দেখা গেল মেকআপরুমে চুপচাপ বসে আছেন শখ। আমাকে দেখামাত্রই সালাম দিয়ে শুভেচ্ছা বিনিময় শেষে একটু স্ক্রিপ্টে মনোযোগ দিলেন তিনি। তখন অন্য শিল্পীদের শুটিং চলছিল। তাই ছবি তোলার আগে শখের বর্তমান কাজের ফিরিস্ত জানার চেষ্টা করি গল্পে গল্পে।
শখ জানান এবারের ঈদে তিনি সালাহ উদ্দিন লাভলু, গোলাম সোহরাব দোদুল, মাবরুর রশীদ বান্নাহ, অমি, মিলন ভট্ট, হামেদ হাসান নোমান, রিপন রতনসহ আরও বেশ কয়েকজন নির্মাতার নাটকে অভিনয় করেছেন, করবেন। তবে নিলয়ের সঙ্গে সহশিল্পী হিসেবে কাজ করবেন শুধু সালাহ উদ্দিন লাভলুর নির্দেশনায় ঈদের একটি ধারাবাহিক নাটকে। এবারের ঈদে শখের সঙ্গে বেশ কয়েকটি নাটকে সহশিল্পী হিসেবে কাজ করছেন মীর সাব্বির।
গল্পের মাঝখানে সাব্বির এসে শুধু এইটুকু বললেন, ‘শখ অভিনয়ে এখন বেশ ভালো করছে। গুণী গুণী নির্মাতাদের সঙ্গে বেশি কাজ করার সুযোগ পেলে অভিনেত্রী হিসেবে শখের অবস্থান আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি। কারণ শখের সেই মেধা আছে। আর এ কারণেই আমার এবারের ঈদ সিক্যুয়াল ‘বাপ বেটা দৌড়ের উপর’ নাটকে তাকে নিয়ে কাজ করছি।’ মীর সাব্বিরের নির্দেশনায় শখ আজ থেকে এই নাটকের শুটিং করবেন। এদিকে এরমধ্যে দুটি একক নাটকের কাজ শেষ করেছেন মীর সাব্বির ও শখ। একটি মারুফ মিঠুর ‘কত যে তোমাকে বেসেছি ভালো’। এ নাটকের শুটিং শেষ হয়েছে গত ২১ আগস্ট রাজধানীর উত্তরায় একটি শুটিং হাউসে। এছাড়া রিপন রতনের নির্দেশনায় মীর সাব্বির ও শখ শেষ করেছেন ‘ব্রেবোসিন-৩০’ নাটকের কাজ। সবগুলো নাটকেই আসছে ঈদে প্রচারের লক্ষ্যে নির্মিত হচ্ছে। মারুফ মিঠুর নির্দেশনায় ঈদ ধারাবাহিক ও ‘ঘরজামাই’র কাজও শেষ করেছেন মীর সাব্বির শখ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন মীর সাব্বির।
আনিকা কবির শখ বলেন, ‘এবারের ঈদে আমার বেশ কয়েকটি ভালো কাজ আসছে। তারমধ্যে সাব্বির ভাইয়ের নির্দেশনায় প্রথম কাজ করছি। কাজটি নিয়ে আমি অনেক আশাবাদী। পাশাপাশি অন্য যে কাজগুলো করছি সেগুলোও বেশ ভালো হবে আশা রাখছি। কারণ প্রতিটি নাটকেরই স্ক্রিপ্ট বেশ ভালো পেয়েছি আমি।’ এদিকে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘মিলার বারান্দা’ শিগগিরই শেষ হয়ে যাবে।
