চাঁদা না দেয়ায় একই পরিবারের পাঁচজনকে পিটিয়েছে সন্ত্রাসীরা

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১১:১৮
সাভারের মুশরিখোলায় দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা একই পরিবারের পাঁচজনকে পিটিয়ে গুরুতর জখম করেছে। আহতরা সাভারের আল মদিনা ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছেন।
 
বৃহস্পতিবার সকালে বাগবাড়ি এলাকার ব্যবসায়ী এখলাস সরকারের বাড়িতে এ ঘটনা ঘটে।
 
জানা গেছে, মুশরিখোলার বাগবাড়ি এলাকায় চারতলা একটি ভবননির্মাণ করছেন ব্যবসায়ী এখলাস সরকার। ওই এলাকার সন্ত্রাসীরা ভবন নির্মাণ বাবদ তার কাছে মিষ্টি খাওয়ার জন্য ছয় লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা সকালে তার বাড়িতে হামলা চালিয়ে পাঁচজনকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়।  স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করিয়েছে।
 
সাভার মডেল থানার সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহাবুবুর রহমান জানান,  ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় মামলার প্রস্তুতিও চলছে।
 
ইত্তেফাক/এএসএমইউ