ইংল্যান্ডের টি২০ দলে ফিরলেন স্টোকস, উড

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৩:৩৭
 
আগামী ৭ সেপ্টেম্বর সফরকারী পাকিস্তানের বিপক্ষে ওল্ড ট্র্রাফোর্ডে অনুষ্ঠিতব্য একমাত্র টোয়েন্টি২০ ম্যাচের জন্য অল-রাউন্ডার বেন স্টোকস ও ফাস্ট বোলার মার্ক উডকে দলভূক্ত করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।
 
জাতীয় নির্বাচক জেমস হুইটাকার এ সম্পর্কে বলেছেন, সাদা বলে উভয় ফরমেটে আমরা যেভাবে উন্নতি করছি তা সত্যিই চমৎকার। পাকিস্তানের বিপক্ষে টি২০ ম্যাচটি খেলোয়াড়দেরও উন্নতির গ্রাফ পরীক্ষার আরেকটি সুযোগ।
 
গত কয়েক বছর ধরে ওয়ানডে দলে অনিয়মিত উড পাকিস্তানের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের মাধ্যমে পুনরায় দলে স্থায়ী হয়েছেন। তিনটি ওয়ানডেতে তিনি পাঁচ উইকেট দখল করেছেন। গত বছর জুনে উড ইংল্যান্ডের হয়ে একমাত্র টি২০ ম্যাচটি খেলেছেন।
 
অন্যদিকে চলতি বছর ভারতে টি২০ বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ টি২০ দলে ছিলেন স্টোকস। হুইটাকারের মতে টি২০ দলটিতে বেশ কয়েকজন প্রতিভাবান খেলোয়াড় রয়েছেন। স্টোকস ও উডকে পেয়ে দলটি আরো শক্তিশালী হয়েছে। দুজনেই বিশ্বমানের খেলোয়াড়। ইংল্যান্ডকে বিশ্বের অন্যতম সেরা দল হিসেবে প্রতিষ্ঠিত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনার মধ্যে এই দুজনেই আছেন।
 
ইংল্যান্ড টি২০ স্কোয়াড : ইয়ন মরগান (অধিনায়ক), মঈন আলী, স্যাম বিলিংস, জোস বাটলার, এ্যালেক্স হেলস, ক্রিস জর্ডান, টাইমাল মিলস, লিয়াম প্লানকেট, আদিল রশীদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, ডেভিড উইলি, মার্ক উড। বাসস।
 
ইত্তেফাক/আরএ