ঈদের বিশেষ টেলিফিল্মে জোভান-নাদিয়া-অন্তু করিম ‘‌

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৪২
বিবাহ বিভ্রাট’ নামে ঈদুল আজহার জন্য নির্মিত বিশেষ টেলিফিল্মে অভিনয় করলেন জোভান, নাদিয়া ও অন্তু করিম। ঈদের দিন সন্ধ্যা ৬ টায় দীপ্ত টেলিভিশনে টেলিফিল্মটি প্রচারিত হবে।
 
ইফতেখার আদনানের রচনা ও পরিচালনায় টেলিফিল্মটি সম্পর্কে অন্তু করিম বলেন, এটি একটি হাসির টেলিফিল্ম। এর গল্পে দেখা যাবে ব্যাচেলর তিন বন্ধু ইমরান, তনু আর মইন। বাড়িওয়ালার চাপের কারণে সদ্য ডাক্তার হওয়া মইনের জন্য পাত্রী খুজতে বের হয় তারা।
 
একের পর এক দেখতে থাকে পাত্রী। আর ঘটতে থাকে নানান ঘটনা আর দুর্ঘটনা। এভাবেই এগিয়ে যাবে কাহিনী। গল্পের এক পর্যায়ে মইনের জন্য মেয়ে দেখতে যাওয়ার সময় একজন মেয়ে বন্ধুর প্রয়োজন পড়ে। কারণ এমন একটি বাড়িতে মেয়ে দেখতে যেতে হবে যেখানে পুরুষের প্রবেশ নিষেধ। এ অবস্থায় বন্ধুর বিয়ের প্রশ্নে জোভানকেই নিতে হলো নারীর ছদ্মবেশ।
 
পরনে শাড়ি, চোখে কাজল, কপালে টিপ, পরিপাটি করে চুল আঁচড়ানো, শাড়ির আঁচল দিয়ে আবার মুখও ঢাকা- প্রথম দেখায় তাকে নারী বলেই ঠাহর হবে।
এরপর কি ঘটেছিল তা দেখতে হলে চোখ রাখতে হবে ঈদের দিন সন্ধ্যা ৬ টায় দীপ্ত টেলিভিশনের পর্দায়।
 
ইত্তেফাক/এমএইচ