বড়াইগ্রামে নৈশ কোচে ডাকাতি, আহত ১

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৩৬
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় নৈশ কোচে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতদল অস্ত্রের মুখে ওই কোচের যাত্রীদের নগদ অর্থ ও মোবাইল ফোনসহ মালামাল লুটে নেয়। এ সময় তাদের ছুরিকাঘাতে হেলাল উদ্দিন নামে এক যাত্রী আহত হয়েছেন।
 
বৃহস্পতিবার ভোর চারটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত হেলাল উদ্দিনের নাটোর শহরের বেলঘরিয়া এলাকার বাসিন্দা।
 
ন্যশানাল ট্রাভেলসের কাউন্টার মাস্টার ইউনুস আলী জানান, ঢাকা থেকে যাত্রীবেশে ছয়-সাতজনের অস্ত্রধারী  একদল ডাকাত ওই কোচে ওঠে। ওই মহাসড়কের কাছিকাটা টোলপ্লাজা পার হওয়ার পর ডাকাতদল অস্ত্রের মুখে চালকের কাছ থেকে গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। পরে তারা যাত্রীদের কাছ থেকে নগদ প্রায় ৭৫ হাজার টাকা ও মোবাইল ফোনসহ আরো দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। এ সময় বাধা দেয়ায় ডাকাতদলের ছুরিকাঘাতে ওই যাত্রী আহত হন। পরে তারা উপজেলার লাথুরিয়া এলাকায় মধ্যে নেমে যায়।
 
সহকারী পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শফিকুল ইসলাম ও ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
 
ইত্তেফাক/এএসএমইউ