নরসিংদীর শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের আশ্রাফপুর গির্জা পাড়ার আলাউদ্দিনের পুকুর থেকে এক স্কুল ছাত্রের বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে শিবপুর মডেল থানা পুলিশ মৃতদেহ উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
জানা গেছে, নিহতের নাম বাপ্পি ভূইয়া (১০)। পিতার নাম কাউছার ভূইয়া, বাড়ি আশ্রাফপুর গির্জা পাড়া গ্রামে। নিহত বাপ্পি স্থানীয় পূবের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত মঙ্গলবার (৩০ আগস্ট) বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে সে নিখোঁজ হয়। বহু খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। পরে আজ মঙ্গলবার সকালে এলাকাবাসী একই গ্রামের আলাউদ্দিনের পুকুরে বস্তাবন্দী একটি লাশ ভাসতে দেখে। পুলিশে খবর দিলে ঘটনার সাথে জড়িত থাকার সন্দেহে একই গ্রামের তিন মহিলাকে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলেন- ফেরদৌসি বেগম (৩০), তার মা সাফিয়া বেগম (৫০), স্বামী মানিক খান, লুৎফা বেগম (৫০) ও তার স্বামী কফু মিয়া। নিহতের পিতা পত্রিকা বিক্রেতা কাউছার ভূইয়া বাদী হয়ে শিবপুর মডেল থানায় একটি হত্যা মামলা করার প্রস্ততি নিচ্ছেন বলে পুলিশ জানায়।
