পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু বলেছেন, বৃক্ষরোপণ এখন সারাদেশে একটি সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে। ছোট দেশে হিসেবে জায়গার সীমাবদ্ধতা থাকলেও দেশে বনায়ন বেড়েছে।
বৃহস্পতিবার জাতীয় বৃক্ষমেলা-২০১৬ এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন মঞ্জু বলেন, আমরা অনেকেই যখন শিল্পায়নের কথা বলি তখন উন্নত দেশের উদাহরণ দেই। তেমনিভাবে বনায়নের কথা বললেও আমাদের চোখের সামনে উন্নত দেশের চিত্র ভাসে। কিন্তু মনে রাখতে হবে জনসংখ্যা অনুপাতে বাংলাদেশের জায়গা অনেক কম। এর মধ্যেও সরকারী এবং বেসরকারি পর্যায়ে সবাই কিছু কিছু গাছ লাগাচ্ছে। সাপ্তাহিক বাজারে গিয়ে অন্যান্য পন্যের সাথে তারা গাছ কিনে আনছেন।
তিনি আরো বলেন, আমাদের দেশের জনসংখ্যা বাড়ছে। নগরায়ন বাড়ছে। উপজেলাগুলো শহরে পরিণত হচ্ছে। এসব কিছু গাছপালা বৃদ্ধির অন্তরায় হলেও দেশের মানুষ বসে নেই। স্কুল, মাদ্রাসা, কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আংগিনায় বৃক্ষরোপন হচ্ছে। এমনকি মানুষ বাড়ির ছাদ এবং বারান্দায়ও গাছ লাগাচ্ছে। আনোয়ার হোসেন মঞ্জু বলেন, একসময় মানুষ মনে করতো গাছ কাটা ছাড়া বন বিভাগের আর কোন কাজ নেই। কিন্তু সে ধারণা এখন পাল্টেছে। নানা সীমাবদ্ধতার মধ্যেও আমরা এখন বন বিভাগের কিছু সফলতার কথা বলছি।
প্রধান বন সংরক্ষক মো. ইউনুছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি আনোয়ার হোসেন মঞ্জু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীসহ বৃক্ষরোপনে প্রধানমন্ত্রীর পুরস্কার বিজয়ীদের ক্রেস্ট উপহার দেন।
ইত্তেফাক/এএম।
