ইংল্যান্ডের বিপক্ষে আমরাই এগিয়ে: সাকিব

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:০৯
কদিন আগেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে ম্যাচে ৪৪৪ রানের বিশ্বরেকর্ড গড়া ইংল্যান্ডের পরবর্তী মিশন বাংলাদেশে। তবে স্বাগতিক দলের অন্যতম সেরা ক্রিকেটার সাকিব আল হাসান এগিয়ে রাখছেন নিজেদেরকেই।
 
 
তার মতে, কন্ডিশনের কারণেই এগিয়ে থাকবে বাংলাদেশ দল। সাকিবের মতে, প্রতিপক্ষ যতই কঠিন হোক, নিজেদের কন্ডিশনে সবসময়েই এগিয়ে থাকবে বাংলাদেশ। বৃহস্পতিবার একটা মোবাইল কোম্পানির প্রচারণা অনুষ্ঠানের ফাঁকে সাকিব বলছিলেন, ‘ওদের কন্ডিশনে ওরা সব সময়ই অনেক ভালো দল। আমরাও আমাদের কন্ডিশনে শেষ দেড় দুই বছর ভাল করছি। আমার কাছে মনে হয় বেশ ভাল একটা সিরিজ হবে। আমি বিশ্বাস করি টেস্ট ওয়ানডে দুই ফরম্যাটেই আমাদের জেতার সামর্থ্য আছে। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমার মনে হয় আমরা ভাল করবো।’
 
সবকিছু ঠিক থাকলে, সেপ্টেম্বরের ৩০ তারিখে বাংলাদেশে পৌঁছাবে ইংলিশ ক্রিকেট দল। তিনটি ওয়ানডের সঙ্গে খেলবে দুইটি টেস্ট। নিজেদেরকে এগিয়ে রাখার ব্যাপারে আরো কারণ দেখিয়েছেন, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন সাকিব। ইংল্যান্ডের আগে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে লাল-সবুজ জার্সিধারীরা। 
 
সাকিব বলেন, ‘আফগানিস্তান যেহেতু আসবে সেহেতু এটা আমাদের প্রস্তুতির একটা বড় সুযোগ। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর কোন আন্তর্জাতিক ম্যাচ খেলিনি। তাই আমার মনে হয় আফগানিস্তান দিয়েই ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের ভাল একটি প্রস্তুতি হয়ে যাবে। আশা করি ভাল দুইটা সিরিজ হবে আমাদের।’ আফগানিস্তানের বিপক্ষে তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫, ২৮ সেপ্টেম্বর ও ১ অক্টোবর।
 
ইত্তেফাক/এসএসএ