দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে টিআইবি’র উদ্বেগ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩০
 
সম্প্রতি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) দুই প্রকৌশলী গ্রেফতার হওয়ার পর দুদকের বিরুদ্ধে রাজউক কর্মীদের বিক্ষোভে গভীর উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একইসঙ্গে সরকারের দুর্নীতিবিরোধী অঙ্গীকারের পরিপন্থী অবস্থান থেকে সরকারি কর্মকর্তাদের বিরত রাখার লক্ষ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দুর্নীতি বিরোধী সংগঠনটি।
 
বৃহস্পতিবার এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, নির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে গ্রেফতার হওয়ার পরও রাজউক কর্মীদের এ ধরনের বিক্ষোভ সরকার ঘোষিত সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতিবিরোধী অবস্থানের প্রতি তাদের অনাস্থার পরিচয়। এ পরিস্থিতি কোনভাবেই কাম্য হতে পারে না। এর মাধ্যমে বিক্ষোভকারীরা বাস্তবে দুর্নীতির পক্ষেই অবস্থান গ্রহণ করেছেন কিনা এটা তাদেরই ভাবা উচিত।
 
তিনি আরো বলেন, দুদক বাংলাদেশে জাতীয় শুদ্ধাচার কৌশলের অন্যতম স্তম্ভ। রাজউকও জাতীয় শুদ্ধাচার কৌশলের আওতাভুক্ত প্রতিষ্ঠান। তা সত্ত্বেও দুদকের বিরুদ্ধে সরকারেরই আরেক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের এ ধরনের বিক্ষোভ প্রকারান্তরে শুদ্ধাচার ও সততার চর্চা এবং দুর্নীতি প্রতিরোধে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করে। দুদকের নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা নিয়ে কোনো প্রশ্ন থাকলে নির্দিষ্ট রীতি অনুযায়ী ব্যবস্থা নেয়া যেত। অনাকাঙ্ক্ষিত আন্দোলনের মাধ্যমে দুদককে অচল করে দেয়ার হুমকি এক্ষেত্রে কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের অবস্থান বাস্তবে বিচারিক প্রক্রিয়ার প্রতি অবমাননাকর।
 

ইত্তেফাক/এএম।