বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২২:০০
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার বেলা ১১টা ২০ মিনিটে দলের নেতা-কর্মীদের নিয়ে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতার কবরে যান বিএনপি চেয়ারপার্সন। শ্রদ্ধা জানানোর পর প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাতেও অংশ নেন তিনি।
 
এদিকে এদিন বিকাল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে এ উপলক্ষে বিএনপির পক্ষ থেকে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকালে জিয়াউর রহমানের কবরে ফুল দেয়ার সময় খালেদা জিয়ার সঙ্গে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মুহাম্মদ জমিরউদ্দিন সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আসম হান্নান শাহ, মির্জা আব্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।
 
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোরে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপার্সনের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বেগম খালেদা জিয়া বাণী দিয়েছেন। বাণীতে তিনি তার দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
বিএনপির সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু জানান, সারাদেশে মহানগর, জেলা, থানা বা উপজেলা, পৌরসভা ও সকল ইউনিটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী কর্মসূচি যথাযথভাবে পালন করা হয়েছে।
 
১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। এর আগে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল (জাগদল) প্রতিষ্ঠা করা হয়েছিল। ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এজেড এম জাহিদ হোসেন বাসস’কে জানান, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ড্যাবের উদ্যোগে আগামীকাল শুক্রবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত 'মেডিক্যাল ক্যাম্প ও রক্তদান' কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচির উদ্বোধন করবেন।
 
উল্লেখ্য, ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং তিনি দলটির প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান ছিলেন। -বাসস।
 
ইত্তেফাক/এসএস