নারায়ণগঞ্জের আলোচিত সাত খুনের মামলার তদন্তকারী কর্মকর্তা মামুনুর রশিদ মণ্ডলের সাক্ষ্য জবানবন্দি শেষ হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সাত খুনের ঘটনায় গ্রেফতার নূর হোসেন, র্যাবের চাকরীচ্যুত কর্মকর্তা তারেক সাঈদ মুহাম্মদসহ ২৩ আসামির উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে জবানবন্দি রেকর্ড করা হয়।
পরে আদালত আগামী ১৯ সেপ্টেম্বর পরবর্তী জেরা ও সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। নারায়ণগঞ্জ জেলা আদালতের পিপি (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্য জবানবন্দি অনেক দীর্ঘ ছিলো।
এর আগে, গত ২২ ও ২৯ আগস্ট পৃথকভাবে দুইদিনের পর বৃহস্পতিবার ১ সেপ্টেম্বর তৃতীয় দিনের মতো রেকর্ড করা হয়েছে। সাত খুনের ঘটনায় দু'টি মামলা হয়। একটি মামলার বাদী নিহত আইনজীবী চন্দন সরকারের মেয়ে জামাতা বিজয় কুমার পাল ও অন্য বাদী নিহত নজরুল ইসলামের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি।
দু'টি মামলাতেই অভিন্ন সাক্ষী হলো ১২৭ জন করে। এখন পর্যন্ত সাত খুনের দু‘টি মামলায় অভিন্ন ১২৭ সাক্ষীর মধ্যে ১০৬ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। -বাসস।
ইত্তেফাক/এসএস
