চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে যমুনা অয়েল এজেন্সির গোডাউনে তেলের ট্যাঙ্কার থেকে লাগা আগুনে দগ্ধ সাতজনের মধ্যে একজন মারা গেছেন।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রায়হান মারা যান।
বুধবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টায় একটি জ্বালানি তেলের ট্যাঙ্কার থেকে ওই তেলের গোডাউনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পুরো ট্যাঙ্কারে ছড়িয়ে পড়ে এবং ওই গোডাউনে থাকা গ্যাস সিলিন্ডারগুলো বিকট শব্দে বিস্ফোরিত হয়। আগুনে পুড়ে যায় তিন তলা ভবনের একাংশ।
স্থানীয়রা জানান, খবর শুনে চাঁদপুর উত্তর ফায়ার স্টেশনের চারটি ইউনিট দীর্ঘ আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চাঁদপুর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কমান্ডার ফারুক জানান, তাদের চারটি ইউনিটের সদস্যরা রাত ৩টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় যমুনা অয়েল এজেন্সির মালিক মিজানুর রহমানসহ সাতজন অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন।
এ ঘটনায় অগ্নিদগ্ধরা হচ্ছেন- নুরু মোহাম্মদ (২১), রায়হান (২৩), মিজানুর রহমান (৫০), বাদশা মিয়া (৫০), মাসুদ হোসেন (২৮) ও বেলাল হোসেন (৩৫)। এর মধ্যে রায়হান বৃহস্পতিবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে।
ইত্তেফাক/ইউবি
