ঈদে রেলওয়ের পশ্চিম জোনে ৪১টি নতুন কোচ

আপডেট : ০১ সেপ্টেম্বর ২০১৬, ২২:৫৮
পবিত্র ঈদ উল আজহার আগে ঘরমুখো যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চল জোন ৪১টি নতুন কোচ চালু করতে যাচ্ছে।
 
জোনের সহকারী পরিচালক (জনসংযোগ) বজলুর রশীদ বলেন, 'নতুন কোচের মধ্যে ১৮টি কোচ দুটি ঈদ স্পেশাল ট্রেনে সংযোজন করা হবে। বাকি ২৩টি কোচ পুরাতন ট্রেনে সংযোজন করা হবে। ৪১টি কোচ ট্রেনের প্রতিটি ট্রিপে অতিরিক্ত ৩,১৪৩ জন যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরমুখো যাত্রীদের হয়রানি মুক্ত যাত্রা নিশ্চিত করতে এ উদ্যোগ নেয়া হয়েছে।'
 
জোনের সহকারী অপারেটিং সুপারিন্টেনডেন্ট সরোয়ার আলম বলেন, '৪১টি নতুন কোচ সংযোজন করতে আমরা প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছি।' তিনি বলেন, 'আগামী ৭ সেপ্টেম্বর কোচগুলো সংযোজন করা হবে। আগামী ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ট্রেনের বাড়তি সেবা দেয়া হবে।'
 
পশ্চিম জোনের জেনারেল ম্যানেজার ইঞ্জিনিয়ার খায়রুল আলম বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, 'আমরা ঘরমুখো ঈদ যাত্রীদের নিরাপদ ও হয়রানি মুক্ত ভ্রমণ নিশ্চিত করতে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছি। জোন ঢাকা-পার্বতীপুর - ঢাকা এবং ঢাকা-খুলনা-ঢাকা রুটে দুই জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে। পাশাপাশি ঈদের ৭দিন আগে অন্যান্য ট্রেনে বিশেষ করে ইন্টারসিটিতে অতিরিক্ত বগি থাকবে।'
 
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করা হয়েছে। টিকিট যাতে কালোবাজারে না যায় এবং টিকিট সংগ্রহে যাত্রীদেরকে কোন প্রকার হয়রানির শিকার হতে না হয়, এ জন্য কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে খায়রুল বলেন, 'জোন রাজধানীর ঢাকার সাথে কানেক্টিং পাকশি এবং লালমনিরহাট রুটের অধীন বিভিন্ন রুটে ৩৬টি ইন্টারসিটি এবং ২৬টি এক্সপ্রেস ট্রেনসহ মোট ১১০ ট্রেন পরিচালনা করবে।'
 
বর্তমানে ঢাকা রাজশাহী রুটে তিনটি ইন্টারসিটি ট্রেন চলছে। এ গুলো হলো ধূমকেতু, সিল্ক সিটি এবং পদ্মা। এখন সিল্ক সিটিতে দুটি শীতাতপ নিয়ন্ত্রিত কোচ এবং দুটি স্লিপিং কোচসহ ১৩টি আধুনিক কোচ দেয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
 
জেনারেল ম্যানেজার আরো বলেন, ঈদের আগে ও পরে ভ্রমণের সময়ে যে কোন ধরনের চাঁদাবাজি বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে র‌্যাবকে নির্দেশ দেয়া হয়েছে। তিনি আরো বলেন, বাংলাদেশ রেলওয়েকে আরো আধুনিকায়ন ও জনপ্রিয় করতে ভারত থেকে ১২০ এবং ইন্দোনেশিয়া থেকে ৫০ লাক্সারি বগি আনা হয়েছে। 
 
ইত্তেফাক/এসএস