সংস্কারের অভাবে বেহাল অবস্থা বিশ্বনাথ-জানাইয়া সড়ক

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ০১:৫৩
 
দীর্ঘদিন যাবত্ বিশ্বনাথ-জানাইয়া সড়কটিতে নেই কোনো সংস্কার, কার্পেটিং ও পাথর উঠে গিয়ে সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত। সড়কটি দিয়ে চলাচলে জনসাধারণকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। আর দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় মাটির সঙ্গে বিলীন হয়ে যাচ্ছে সড়কটি। গ্রামবাসী সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে এলাকার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সড়কটি সংস্কারের দাবি জানিয়ে আসা হলেও এ ব্যাপারে সবাই রয়েছেন উদাসীন। কেউই সড়কটি সংস্কারের ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না। সড়কটির এমন বেহাল অবস্থার কারণে দেশে আসা গ্রামের প্রবাসীদের অনেকেই গ্রামে বসবাস না করে সিলেটে বসবাস করেন বলেও অভিযোগ রয়েছে গ্রামবাসীর।
 
সিলেট ল’ কলেজের শিক্ষার্থী ও গ্রামের বাসিন্দা মো. শাহজাহান বলেন, সড়কের এমন বেহাল অবস্থার কারণে গ্রামবাসীর দুর্ভোগ চরমে পৌঁছেছে। প্রয়োজনীয় কাজে তাই বাধ্য হয়ে প্রতিনিয়ত ঝুঁকি নিয়েই আমাদেরকে সড়কটি ব্যবহার করতে হচ্ছে। স্থানীয় ইউপি সদস্য নূরুল হক বলেন, জনদুর্ভোগ লাঘবে যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কার করা প্রয়োজন। সড়কটি সংস্কারের জন্য কর্তৃপক্ষের কাছে একাধিকবার দাবি জানিয়ে আসা হলেও তাতে কোনো কাজ হচ্ছে না। বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী বলেন, জনগুরুত্বের দিক বিবেচনা করে যত দ্রুত সম্ভব সড়কটি সংস্কারের পদক্ষেপ গ্রহণ করা হবে।
 
 ইত্তেফাক/এএন