টেস্টে শীর্ষস্থান দখল করলেও একদিনের ক্রিকেট হেরেই চলেছে পাকিস্তান। ইংল্যান্ডের বিপক্ষে টানা চার ওয়ানডে হারল তারা। বৃহস্পতিবার পাকিস্তানকে ৪ উইকেটে হারিয়ে সিরিজে ৪-০ ব্যবধানে এগিয়ে গেল ওয়েন মর্গ্যানের দল। পাকিস্তানের বিপক্ষে এটি তাদের টানা সপ্তম জয়।
আগামী রবিবার কার্ডিফে হবে সিরিজের পঞ্চম ও শেষ ওয়ানডে।
এদিন লিডসের হেডিংলিতে টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৪৭ রান করে পাকিস্তান। জবাবে ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড।
লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের। ৭২ রানের মধ্যে ফিরে যান জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট ও মর্গ্যান। বেন স্টোকস ও মইন আলির সঙ্গে দুটি জুটিতে দলকে কক্ষপথে রাখেন সিরিজে প্রথমবারের মতো খেলতে নামা জনি বেয়ারস্টো।
বেয়ারস্টোর সঙ্গে ১০৩ রানের জুটি উপহার দেওয়া অলরাউন্ডার স্টোকস ৭০ বলে করেন ৬৯ রান, ৬টি চার ও দুটি ছক্কায়। মইনের সঙ্গে ৫০ রানের জুটি গড়ে ফেরেন বেয়ারস্টো। ৮৩ বলে চারটি চার ও একটি ছক্কায় ৬১ রান করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
ছক্কা হাঁকিয়ে দলকে জয় এনে দেওয়া মইন অপরাজিত থাকেন ৪৫ রানে। সে সময় উইকেটে তার সঙ্গে ছিলেন ডেভিড উইলি। এর আগে আজহার ও ইমাদ ওয়াসিম ছাড়া আর কেউ ভালো করতে না পারায় লড়াইয়ের পুঁজি পায়নি পাকিস্তান।
সফরকারীদের প্রথম আট ব্যাটসম্যানের সাতজনই দুই অঙ্কে পৌঁছান। এদের মধ্যে অর্ধশতক ছুঁতে পেরেছেন কেবল অধিনায়ক আজহার ও অলরাউন্ডার ইমাদ। বাকিরা সুযোগ কাজে লাগাতে পারেননি। তৃতীয় সর্বোচ্চ ২৪ রান সামি আসলামের।
ইত্তেফাক/এমএইচ
