‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক খালেদা জিয়া তার বক্তব্যেই প্রমাণিত’

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৬, ১৭:২৩
বিএনপি চেয়ারপার্সনের বক্তব্যের জবাবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিনি (খালেদা জিয়া) যে জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, জঙ্গিদের যে তিনি তার আঁচলের তলায় আশ্রয় দিয়েছেন বৃহস্পতিবারের বক্তব্যে খালেদা জিয়া তা স্পষ্ট করেছেন। আমরা বারবার বলে আসছিলাম খালেদা জিয়া জঙ্গিবাদের আশ্রয়দাতা তার বক্তব্যে তিনি তা প্রমাণ করেছেন। তাই সরকারের প্রতি আমার অনুরোধ জঙ্গি সমস্যার মূল উৎপাটনে অবিলম্বে যেন খালেদা জিয়াকে জিজ্ঞাসাবাদ করা হয়।
 
শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ, ঢাকা মহানগর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
 
খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, জঙ্গিদের লাশ যেখানে তাদের পরিবার নিতে চাইছে না এমনকি পরিচয় পর্যন্ত দিতে চাইছে না সেখানে খালেদা জিয়া জঙ্গিদের কেন মারা হলো তা নিয়ে প্রশ্ন তুলছেন।জঙ্গিদের আত্নসমর্পণের সুযোগ দেয়া হয়েছিল কিন্তু তা না করে তারা উল্টো আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আক্রমণ করে। তাদের ধারণা ছিল বেহেশতে যাওয়ার জন্য আত্মসমর্পণের চেয়ে পুলিশের গুলিতে মৃত্যু শ্রেয়। জঙ্গিবাদের বিরুদ্ধে, জঙ্গিদের বিরুদ্ধে যখন গোটা দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে তখন তাদের (জঙ্গিদের) জন্য বেগম জিয়ার এ মায়াকান্না-ই প্রমাণ করে দেয় যে জঙ্গিদের আশ্রয়দাতা ও পৃষ্ঠপোষক হচ্ছেন তিনি। 
 
যিনি যুদ্ধাপরাধীদের মন্ত্রী বানিয়েছেন, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর আতিথেয়তায় ছিলেন, যিনি জঙ্গিদের পাশে বসিয়ে জঙ্গিদের বিরুদ্ধে বক্তব্য রাখেন, যিনি জোটের মধ্যে জঙ্গি পুষে রাখেন তিনি জঙ্গিদের জন্য মায়াকান্না দেখাবেন এটাই স্বাভাবিক।
 
আওয়ামী লীগের প্রচার সম্পাদক বলেন, খালেদা জিয়ার বক্তব্য শুনে বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড হতাশায় ভুগছেন তিনি। আর এ হতাশা থেকেই একজন সাবেক প্রধানমন্ত্রী হয়েও তিনি এমন উদ্ভট, বানোয়াট ও কাল্পনিক বক্তব্য দিয়েছেন। আসলে প্রচণ্ড হতাশা তার মানসিক সুস্থতাকে প্রশ্নবিদ্ধ করেছে।
 
হাছান মাহমুদ বলেন, বিএনপি নেত্রী দেশের উন্নয়ন চান না। এ কারণে তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে অসত্য ও মনগড়া মন্তব্য করেছেন। তিনি দেশের খোঁজখবর রাখেন না। পদ্মা সেতুর ৪০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। তাই বিএনপি নেত্রীকে আমি পদ্মা সেতু প্রকল্প ঘুরে আসার জন্য অনুরোধ জানাই। তার (খালেদা জিয়া) শাসনামলে (২০০১-০৬) দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা এক মেগাওয়াটও বাড়াতে পারেন নি উপরন্তু বিদ্যুৎখাতে উন্নয়নের নামে ২১ হাজার কোটি টাকা লোপাট হয়েছে।
 
বিএনপির প্রতি আহ্বান জানিয়ে হাছান মাহমুদ আরো বলেন, খালেদা জিয়ার ভুলের কারণে বিএনপির এই দৈন্যদশা। আমরা চাই বিএনপি এই মুমূর্ষু অবস্থা থেকে মুক্তি পাক, খালদা জিয়ার হাত থেকেও মুক্তি পাক। একটি শক্তিশালী দল হিসেবে বিএনপি রাজনীতির মাঠে টিকে থাকুক এটাই আমাদের কামনা।
 
সংগঠনের উপদেষ্টা অ্যাডডভোকেট জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. আবুল মোমেন, অধ্যাপক আব্দুল মান্নান, শাহজাহান আলম সাজু, অরুণ সরকার রানা, এম এ করিম প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/এমআই