শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশ চন্দ্র বর্মনকে মারপিটের ঘটনায় বোদা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কৈলাশের স্ত্রী তাপসী রানী রায় বাদী হয়ে ইউপি সদস্য জাহিদুল ইসলাম বাবুল, আবু সাইদ ও মো. ঘোগোকে অভিযুক্ত করে বৃহস্পতিবার রাতে বোদা থানায় অভিযোগ দাখিল করেন।
বিক্রি করার এক মাস পর গরু অসুস্থ হয়ে পড়ায় গত বৃহস্পতিবার অভিযুক্তরা গরুর মালিক শিংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৈলাশ চন্দ্র বর্মনকে বেধড়ক মারপিট করে সংজ্ঞাহীন করে। বর্তমানে কৈলাশ বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সাধীন রয়েছেন।
কৈলাশের স্ত্রী তাপসী রানী রায় জানান, কৈলাশ এক মাস আগে নিজের পালিত ৪টি গরু ৮০ হাজার টাকায় বিক্রি করে সুদের টাকা পরিশোধ করেন। গরুগুলো একই এলাকার গরু ব্যবসায়ী দুলাল হোসেন ও তার পুত্র আবু সাইদ ক্রয় করেন। হঠাত্ গরু দুটি অসুস্থ হয়ে পড়লে ক্রেতা গরুর টাকা ফেরত চায়। টাকা দিতে অস্বীকার করায় ওই ক্রেতা স্থানীয় ইউপি সদস্য জাহিদুল ইসলাম বাবুল ক্রেতাদের নিয়ে বিদ্যালয়ে গিয়ে কৈলাশকে বেধড়ক মারপিট করে। এতে কৈলাশ গরুতর আহত হয় এবং সংজ্ঞা হারিয়ে ফেলে। পরে সহকর্মী ও স্থানীয় লোকজন তাকে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে।
বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিত্সক ডা. চন্দন কুমার সেন সংজ্ঞাহীন অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে এবং তার চিকিত্সা চলছে বলে জানিয়েছেন।
বোদা থানার ওসি আবুল কালাম আজাদ অভিযোগপত্র পাওয়ার কথা স্বীকার করে জানান, শনিবার বিদ্যালয়ে অভিযোগের তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
