বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো একটি ব্যর্থ, জঙ্গি রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করছে।
শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এই অভিযোগ করেন। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে উত্তরাঞ্চল ছাত্র ফোরাম নামের একটি সংগঠন ওই আলোচনার আয়োজন করে। তারেক রহমানের ৯ম কারামুক্তি দিবসে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
আওয়ামী লীগ জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সন্দেহভাজন হিসেবে যেসব জঙ্গিদের ধরা হচ্ছে, তাদের কাউকে বিচারের আওতায় আনা হচ্ছে না। বন্দুকযুদ্ধের নামে তাদের হত্যা করা হচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গভীর ষড়যন্ত্রের জাল বুনছে। তারা এ দেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে চায়। তারা এ দেশকে জঙ্গি রাষ্ট্র করতে চায়। তারা এ দেশকে আফগানিস্তান, সিরিয়া, লিবিয়ার মতো করতে চায়। কিন্তু আমরা তা হতে দিতে পারি না। আওয়ামী লীগ ক্ষমতায় গিয়ে সব সময় ভিন্নমত দমন করে—এমন অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছে। স্বাধীনতাসংগ্রামে নেতৃত্ব দিয়েছে। কিন্তু সেই দলটিই গণতন্ত্র ধ্বংস করেছে। এটি তাদের অন্তর্নিহিত চরিত্র। ক্ষমতায় গেলে তারা ফ্যাসিবাদী চরিত্র ধারণ করে।
ইত্তেফাক/এএম।
