সড়ক দুর্ঘটনা এড়াতে সকল মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, 'সড়ক দুর্ঘটনার জন্য কেবলমাত্র চালককে দায়ী করলে চলবে না। মালিকদের দেখতে হবে গাড়ী ফিট আছে কিনা, চলন্ত গাড়ীতে যাত্রীদের চালকের সাথে কথা না বলা, দেখেশুনে পথ পাড়ি দেয়া ও গ্রামের রাস্তায় গরু ছাগল বেঁধে না রাখা।'
মন্ত্রী শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সড়ক নৌ ও রেল পথে দুর্ঘটনা রোধকল্পে গঠিত সংগঠন সেভ দ্য রোড আয়োজিত 'ঈদ আসন্ন: নিরাপদ দেশ- সড়ক ও জীবন গড়তে করণীয়' শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান মঞ্জূরুল আলম টিপু, সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, সেভ দ্য রোডের ভাইস চেয়ারম্যান হুমায়রা আফরিন রুমি, সংগঠনের সাধারণ সম্পাদক ল্য়ান শান্তা ফারজানা প্রমুখ। এতে সভাপতিত্ব করেন সেভ দ্য রোডের চেয়ারম্যান শ্রমিক নেতা জেড এম কামরুল আনাম।
সড়ক পরিবহনে মালিকদের জন্য আইন, শ্রমিকদের জন্য আইন, পথচারীদের জন্য আইন রয়েছে উল্লেখ করে নৌ পরিবহন মন্ত্রী বলেন, ' আমাদের প্রবণতা রয়েছে এ আইন আমরা মানিনা। আইনকে মানতে হবে তবেই সড়ক দুর্ঘটনা কমবে। আইন বাস্তবায়নের দায়িত্ব সরকারের।'
নৌ মন্ত্রী বলেন, 'গ্রামের হাই ওয়েতে ধান শুকাতে দেয়া হয়। এ রাস্তায় গরু, ছাগল বেঁধে রাখা হয়। গাড়ী চালানোর সময় এতে দুর্ঘটনা ঘটে। গ্রামর মানুষকে এ ব্যাপারে সচেতন হতে হবে।'
ইত্তেফাক/এসএস
