বিশ্ব সাহিত্য কেন্দ্র আয়োজিত দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের একাদশ শ্রেণীর বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী উৎসব-২০১৬ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজাতে ঢাকা মহানগরের সেরা ১৫টি কলেজ ও কেন্দ্রভিত্তিক বইপড়া কর্মসূচির মোট ৭৫২ জন ছাত্র-ছাত্রীকে তাদের অভিভাবক ও শিক্ষকের উপস্থিতিতে পুরস্কৃত করা হয়।
বর্ণাঢ্য এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের অতিথি বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, প্রথম আলোর উপ-সম্পাদক আনিসুল হক, টেলিভিশন ব্যক্তিত্ব ডা. আব্দুন নূর তুষার, আইএফআইসি ব্যাংকের হেড অব বিজনেস শাহ মো: মঈনুদ্দীন ও হেড অব ব্রান্ডিং মো: আসাদুজ্জামান বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এবং বক্তৃতা করেন। আইএফআইসি ব্যাংক এই অনুষ্ঠান আয়োজনে সহায়তা করে। অনুষ্ঠান সঞ্চালন করেন মেসবাহ উদ্দিন আহমেদ সুমন।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, 'বেদনার মধ্য দিয়ে যে মহত্ব অর্জন করা যায়, আনন্দের মধ্য দিয়ে তা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না।' বই পড়ে তা নিজের মধ্যে ধারণ করে আলোকিত মানুষ হওয়া যায়-এ কথা উল্লেখ করে তিনি বলেন, 'বই কেন ভাল? বই এমন একটা জিনিস, যেখানে এমন একটি জিনিস থাকে শ্রেষ্ঠ মানুষের আত্মার আলো সেখানে জ্বলে। সেই আলো নিজের মধ্যে নিতে পারলে জীবন সুন্দরভাবে গড়ে উঠবে।'
অনুষ্ঠানে জানানো হয়, ২০১৫ সালে ঢাকা মহানগরের ১৫টি কলেজ কেন্দ্র ভিত্তিক বই পড়া কর্মসূচিতে মোট ২ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছিল। তার মধ্যে আজ ৭৫২ জনকে পুরস্কৃত করা হলো। এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বাংলা সাহিত্য ও পৃথিবীর কিশোর সাহিত্যের সেরা ১২টি বই পড়ার সুযোগ পেয়েছে।
একটি ছোট সরস পরীক্ষার মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাঠ মূল্যায়ন করে পঠিত বইয়ের ওপর ভিত্তি করে চারটি ক্যাটাগরিতে পুরস্কার বিজয়ীদের নির্বাচন করা হয়েছে। মূল্যায়ন পর্বে যারা ৬টি বই পড়েছে, তারা পেয়েছে স্বাগত পুরস্কার, যারা ৮টি বই পড়েছে তারা শুভেচ্ছা পুরস্কার, যারা ১০টি বই পড়েছে তারা অভিনন্দন পুরস্কার এবং যারা ১২টি বই পড়েছে তারা পেয়েছে সেরা পাঠক পুরস্কার।
অনুষ্ঠানে আরও জানানো হয়, সারা দেশে আলোকিত, উচ্চ মূল্যবোধ ও উদার দৃষ্টিভঙ্গিসম্পন্ন মানুষ গড়ে তোলার জন্য বিশ্ব সাহিত্য কেন্দ্র গত ৩৮ বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রম নামে একটি বইপড়া কর্মসূচি বাস্তবায়ন করছে। এই কর্মসূচির ভেতর দিয়ে শিক্ষার্থীরা তাদের মন ও বয়সের উপযোগী বাংলা ভাষাসহ বিশ্বেও বিভিন্ন ভাষার শ্রেষ্ঠ বইগুলো পড়ার সুযোগ পায়। বর্তমান সারা দেশে প্রায় ১৪ হাজার স্কুল ও কলেজে এই বই পড়া কর্মসূচি পরিচালিত হচ্ছে। এই কর্মসূচিতে এ পর্যন্ত অংশগ্রহণকারী সদস্য সংখ্যা প্রায় ২২ লাখ।
ইত্তেফাক/এসএস
