ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে নিখোঁজ হওয়ার ১ সপ্তাহ পর একটি কাঁশফুলের ঝোঁপ থেকে মো. রাসেল হাওলাদার (২৩) নামে এক যুবকের গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার বসুন্ধরা এলাকার ময়দার মিলের বিপরীত দিকের কাঁশফুলের ঝোঁপ থেকে লাশটি উদ্ধার করা করে পুলিশ। নিহত রাসেল হাওলাদার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় পরিবারের সাথে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তিনি বাগেরহাটের বাড়ৈইখালি গ্রামের রহিম হাওলাদারের ছেলে।
পুুলিশ ও পরিবারের সদস্যরা জানান, এক সপ্তাহ আগে কেরানীগঞ্জের ভাড়া বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি রাসেল। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে না পেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করেছিল। শুক্রবার জুম্মার নামাজের পর বসুন্ধরা এলাকার ময়দার মিলের বিপরীত পার্শ্বের কাঁশফুলের ঝোঁপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেয়। সংবাদ পেয়ে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে লাশ পচে গলে যাওয়ায় শরীরের কোথাও কোন আঘাতের চিহ্ন আছে কিনা শনাক্ত করা যায়নি।
এব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানার এসআই মো. শাখাওয়াত ইমতিয়াজ বলেন, ময়নাতদেন্তর প্রতিবেদন ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলার প্রক্রিয়া চলছে।
ইত্তেফাক/এমআই
