ডোয়াইন ব্রাভোর পর এবার আরো এক উইন্ডিজ ক্রিকেটার নাম লেখাচ্ছেন ভারতীয় চলচ্চিত্রে। তিনি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী অধিনায়ক ড্যারেন স্যামি।
তামিল ছবিতে অভিনয় করবেন তিনি। তার সাথে থাকবেন আরেক ক্রিকেটার, ভারতীয় উদ্বোধনী ব্যাটসম্যান মুরালি বিজয়। এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করবেন যিনি, তিনিও একজন ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলা ক্রিকেটার থালাইবান সারগুনাম।
তামিলনাড়ুর অলরাউন্ডার সারগুনামের বাল্যবন্ধু মুরলি বিজয়। সেই সুবিধা নিয়েই স্যামিকে পাচ্ছেন এই ছবিতে। এরই মধ্যে ‘কারথি ৭৭’ নামে এই ছবির গানে ও প্রচারের কাজে অংশ নিয়েছেন স্যামি ও বিজয়।
ছবিটি পরিচালনা করছেন জন আলবার্ট। সারগুনাম টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘বিজয় আমার ছোট বেলার বন্ধু। আমরা অনেকদিন থেকেই পরিচিত। স্যামিও আমার বন্ধু। আমরা একই সাথে সানরাইজার্স হায়দ্রাবাদে খেলেছি। তারা শুধু ভালো খেলোয়াড়ই নন, অনেক ভালো মানুষ। আমি যখন ছবিতে অভিনয়ের কথা বললাম, দুজনেই রাজি হয়ে গেল।’
ইত্তেফাক/এমএইচ
