বগুড়ায় নাপিতের গলাকাটা লাশ উদ্ধার

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৩:০৯
 
বগুড়ার শহরের ঝোপগাড়ী হাজিপাড়া এলাকায় ধানখেতের পানির ড্রেন থেকে নাপিত হরিদাসের (৩৫) গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে কে বা কারা কি কারণে তাকে হত্যা করেছে তা জানাতে পারেনি পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে।
 
বগুড়া উপশহর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই আব্দুল আজিজ জানান, হরিদাস পাল নওগাঁর রানীনগর এলাকার বাসিন্দা। প্রায় বছর ১০ আগে বগুড়া শহরে বিবাহ সূত্রে সদরের বড়কুমিরা গ্রামে বসবাস শুরু করেন। পরে ধরমপুর এলাকায় সেলুনের ব্যবসা শুরু করেন। শুক্রবার সেলুনে কাজ শেষে হরিদাস আর বাড়ি ফেরেননি। অজ্ঞাত দুর্বৃত্তরা রাতের কোন এক সময় তাকে জবাই করে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে।
 
নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
ইত্তেফাক/এএসএস