আইএসের আইন মেনে খেলতে হবে ফুটবল!

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৪:৫৭
'আল্লাহ্‌-এর আইন' লঙ্ঘনের দাবি তুলে সিরিয়ায় ফুটবল রেফারিদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ইসলামিক স্টেট বা আইএস। ফিফা-র নিয়ম অনুযায়ী ম্যাচ পরিচালনা করায় সিরিয়ায় রেফারিদের নির্বাসিত করেছে তারা।
 
আইএসের দাবি, সিরিয়াতে এবার থেকে আর ফিফা-র নিয়ম চলবে না, ফুটবল যদি খেলতে হয় তবে তা খেলতে হবে তাদের নতুন আইন মেনে।
 
আইএস-এর পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, ফিফা-র নিয়ম ইসলামবিরোধী। আর তাই সিরিয়ায় জাতীয় লিগ শুরুর আগেই নতুন নিয়ম চালু করেছে তারা। জঙ্গি সংগঠনের দখলে থাকা আদালতেই সিরিয়ার এই আইন পাস হয়েছে।
 
ইংল্যান্ডে সিরিয়ান মানবাধিকার পর্যবেক্ষক বলেন, ফিফা-র নিয়মকে সিরিয়ায় অবৈধ ঘোষণা করেছে ইসলামিক স্টেট। সিরিয়ার আইনে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে যে, একদলের ফুটবলার মাঠে চোট পেলে বিপক্ষ দলকে কীভাবে তার ক্ষতিপূরণ করতে হবে। জঙ্গি সংগঠনের নির্দেশ, এদেশে ফিফা-র নাম উচ্চারণ করা যাবে না।
 
ধূমপান, টিভি-র অনুষ্ঠান, পোশাক-আশাকের পর এবার ফুটবলের নিয়মেও 'নিয়ম' জারি করল আইএস। স্বাভাবিকভাবেই নতুন আইনে  সিরিয়ার ফুটবল বড়সড় ধাক্কা খেল বলেই মনে করছে ক্রীড়ামহল।
 
ইত্তেফাক/এএম