কুমিল্লায় যুবলীগকর্মী হত্যায় ১৮ জনের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৩৬
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পাতড্ডা বাজারে ওই উপজেলার গুনিশকরা গ্রামের শহিদ উল্লার ছেলে রানা নামে এক যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যার ঘটনায় ১৮ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা রেহানা বেগম বাদী হয়ে আজ শনিবার বিকালে এ মামলা দায়ের করেছেন। বিকাল পর্যন্ত পুলিশ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জেলার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুল ইসলাম টিপু ও বিগত নির্বাচনে ওই ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী গোলাম মোস্তফা বিপ্লবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে উপজেলার পাতড্ডা বাজারের গরু বাজার ইজারা ও পূর্ব বিরোধকে কেন্দ্র করে ওই দুটি গ্রুপ বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিপ্লবের নেতৃত্বে একদল সন্ত্রাসী টিপু গ্রুপের যুবলীগ কর্মী রানাকে (৩৫) সামনে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে রানা মাটিতে লুটিয়ে পড়লে তার কপালে ও শরীরের বিভিন্নস্থানে চাপাতি দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়। হামলায় টিপু গ্রুপের আরো ১০-১২ জন আহত হয়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় রানাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
 
চৌদ্দগ্রাম থানার ওসি আবুল ফয়সল জানান, শনিবার বিকালে নিহত রানার লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত রানার মা রেহানা বেগম বাদী হয়ে সন্ত্রাসী বিপ্লবসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। 
 
 
ইত্তেফাক/এমআই