চাঁদপুরে তেলের গুদামে আগুন, দগ্ধ আরো একজনের মৃত্যু

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০১৬, ১৭:৪৯
 
চাঁদপুরে জ্বালানি তেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ আরো একজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাচ্চু মিয়া জানান, বার্ন ইউনিটে চিকিত্সাধীন নূর মোহাম্মদ মামুনকে (৪০) শনিবার সকাল ১১টার দিকে মৃত ঘোষণা করেন চিকিত্সকরা।
 
ওই ঘটনায় দগ্ধ রায়হান (২৩) নামের আরো একজন বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন অবস্থায় মারা যান।
 
বুধবার রাত ১২টার দিকে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কে ট্যাংক লরি থেকে একটি গুদামে জ্বালানি তেল নামানোর সময় বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। পরে গুদাম ও এর পাশের একটি ভবনে আগুন ধরে যায়। ওই ঘটনায় সাতজন দগ্ধ হন, যাদের মধ্যে ছয়জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুই জনের মৃত্যুর পর মামুনের বাবা মিজানুর রহমান (৫০), বাদশা মিয়া (৫০), দেলোয়ার ভূইয়া (৩৫) ও মাসুদ (২৮) নামের আরো চারজন ঢাকা মেডিকেলে চিকিত্সাধীন।
 
ইত্তেফাক/এএম।