ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে চাঁদপুর-চট্টগ্রাম রুটে ৪টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে।
আগামী ৯ সেপ্টেম্বর শুক্রবার থেকে দক্ষিণাঞ্চলসহ চাঁদপুরের যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ঈদ স্পেশাল-১ থেকে ৪ চট্টগ্রাম-চাঁদপুরের মধ্যে চলাচল করবে। শনিবার রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় চিফ অপারেটিং সুপারিন্টেনডেন্ট(পূর্ব) এর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়।
চাঁদপুর রেলওয়ে স্টেশন সূত্র জানায়, ৯ সেপ্টেম্বর ঈদ স্পেশাল-১-চট্টগ্রাম থেকে বেলা সাড়ে ১১টায় ছেড়ে চাঁদপুর পৌঁছাবে বিকেল ৫টা ৫মিনিটে। স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে রাত ৩টা ৪৫ মিনিটে এবং চট্টগ্রামে পৌঁছাবে সকাল ৯টা ১৫মিনিটে।
স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকেল সাড়ে ৩টায় এবং চাঁদপুর পৌঁছাবে রাত ৮টা ৫ মিনিটে। স্পেশাল-৪ চাঁদপুর থেকে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছাবে দুপুর ১২টায়।
স্পেশাল-১ ও ২ ঈদের পরদিন থেকে ৭দিন পর্যন্ত এ রুটে চলাচল করবে। স্পেশাল-৩ ও ৪ ঈদের পরের ২দিন থেকে ৭দিন পর্যন্ত চলাচল করবে। চাঁদপুরের স্টেশন মাস্টার মোহাম্মদ হোসেন মজুমদার বলেন, প্রত্যেক ঈদে দেশের দক্ষিণাঞ্চলের মানুষের চাঁদপুর থেকে যাতায়াতের সুবিধার্থে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়। যাত্রীদের নিরাপত্তার জন্য জিআরপি পুলিশ ও আনসার সদস্যরা কাজ করবে।
ইত্তেফাক/এসএস
