পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বলেছেন, জঙ্গিবাদ এখন দেশের প্রধান সমস্যা, দ্বিতীয় মাদক। এ সব সমস্যা আমরা নির্মূল করবোই।
শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) লাইন মাঠে কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবাদবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
আইজিপি বলেন, জঙ্গিদের গ্রেপ্তার করা সহজ বিষয় নয়। তারা আত্মঘাতী, তারা নিজেরা বলে, আমরা মরবো, জান্নাতে যাব। তারা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা দিতে চায় না। জঙ্গিদের কাছে বোমা আছে, আগ্নেয়াস্ত্র আছে, ধারালো অস্ত্র আছে।
তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিদের আত্মসমর্পণের সুযোগ দেওয়া হয়। কিন্তু জঙ্গিরা গ্রেফতার হতে চায় না। তারা আত্মঘাতি। তাদের মিশন-হয় মারবো, না হয় মরবো। আর এ জন্যই তারা পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জড়াচ্ছে, মারা পড়ছে।
রাজশাহী মেট্টোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার সফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম-উল আযিম, পুলিশের রাজশাহী রেঞ্জ ডিআইজি খুরশিদ হোসেন, র্যাব-৫ এর অধিনায়ক লে.কর্নেল মাহবুব আলম, বিজিবি রাজশাহী ব্যাটালিয়ন-১ এর পরিচালক লে. কর্নেল শাহাজাহান সিরাজ, রাজশাহী বিভাগীয় কমিশনার আব্দুল হান্নান, রাজশাহীর ডিসি কাজী আশরাফ উদ্দিন, রাজশাহী মহানগর কমিউনিটি পুলিশিং এর আহ্বায়ক প্রফেসর আব্দুল খালেক প্রমুখ বক্তব্য রাখেন।
ইত্তেফাক/ইউবি
