মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, কোরবানির জন্য দেশের বাইরে থেকে কোন গরু-ছাগল আমদানির প্রয়োজন নেই।
তিনি বলেন, এতে দেশের খামারীরা যেমন ন্যায্য মূল্য পাবে তেমনি ক্রেতাদেরও বেশি দামে কোরবানির পশু কিনতে হবে না।
দেশে পর্যাপ্ত কোরবানির পশু রয়েছে উল্লেখ করে নারায়ণ চন্দ্র চন্দ আরো বলেন, আমাদের দেশের খামারীরা আগের চেয়ে অনেক বেশি গরু-ছাগল পালন করছেন এবং তারা লাভবান হচ্ছেন।
তিনি আজ শনিবার খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে খুলনা প্রেস ক্লাবের উন্নয়ন বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন।
নারায়ণ চন্দ্র চন্দ খুলনা অঞ্চলকে ঘিরে সরকারের উন্নয়ন প্রকল্পের বর্ণনা দিয়ে বলেন, অচিরেই এ অঞ্চল অর্থনৈতিক জোন হিসেবে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। এ সরকার মংলা বন্দরকে বেশ গুরুত্ব দিচ্ছে। খুলনার জিরো পয়েন্ট থেকে ভোমরা পর্যন্ত ২৫০ কোটি টাকার রাস্তা সম্প্রসারণের প্রকল্প ইতোমধ্যে সাবমিট করা হয়েছে এবং রাস্তাটি ৪০ ফিট সম্প্রসারণ করা হবে।
খুলনা প্রেসক্লাবের ‘লিয়াকত আলী মিলনায়তন’টি আধুনিক করার জন্য সাংবাদিকদের দাবির প্রেক্ষিতে প্রতিমন্ত্রী এটি বাস্তবায়নের দায়িত্ব গ্রহণের ঘোষণা দেন।
খুলনা প্রেস ক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নগরীর বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ইত্তেফাক/এমআই
