কুষ্টিয়ার মিরপুরে ডাকাতির কবলে গরু ব্যাবসায়ী

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৬, ০০:৩০
কুষ্টিয়ার মিরপুর উপজেলার ভেড়ামারা-পোড়াদহ সড়কের ছাতিয়ান ইউনিয়নের কইমারা নামক স্থানে শনিবার রাত আনুমানিক সাড়ে ৮ টার সময় দুর্ধর্ষ ডাকাতির কবলে পড়ে কয়েকজন গরু ব্যাবসায়ী। এ ঘটনায় ২০ লক্ষাধিক টাকা ডাকাতরা লুটে নিয়েছে বলে গেছে।
 
লুটের শিকার গরু ব্যাবসায়ীদের সবার বাড়ী মিরপুর পৌরসভা ও পৌরসভার পাশ্ববর্তী ফুলবাড়ীয়া ইউনিয়নে বলে জানা গেছে।
 
জানা যায়, প্রায় ২০/২৫ জন গরু ব্যাবসায়ী ও তাদের সহযোগী রাখালদের নিয়ে ৩টি ইঞ্জিন চালিত ষ্টিয়ারিং গাড়ীতে করে বাড়ীতে ফিরছিল ডাকাতির শিকার গরু ব্যাবসায়ীরা। তারা ফিরছিল কুষ্টিয়া সদর থানার বানিয়াপাড়া গরুর হাটে গরু বিক্রি করে ।
 
উল্লেখিত স্থানে এসে পৌঁছুলে সড়কে গাছ ফেলে তাদের গাড়ীগুলোর গতিরোধ করে ডাকাতেরা। সেখানে আগে থেকে ওৎ পেতে থাকা প্রায় ১৫/২০ জনের মুখোশধারী একদল সশস্ত্র ডাকাত অস্ত্রের মুখে গরু ব্যাবসায়ীদের কাছে থাকা নগদ টাকা ও মুঠোফোন ছিনিয়ে নেয়। তারপর কইমারী মাঠের পাশে মৎসচাষী সুজনের পুকুরে যাবার রাস্তা দিয়ে ছাতিয়ানের সাপকামড়া গ্রামের দিকে চলে যায়।
 
রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের গেটপাড়া গ্রামের মৃত আরজান আলীর ছেলে সিরাজুল ইসলামের ৫৯ হাজার টাকা, একই গ্রামের মৃত আব্দুল গণীর ছেলে বেনি’র ১ লক্ষ ৭০ হাজার টাকা, মৃত বাল্লকের ছেলে দেলে’র ১০ হাজার টাকা এবং পৌরসভার বিজিবি সেক্টর পাড়ার আইনের ছেলে রফিকুলের ২ লক্ষাধিক টাকা লুট হবার সংবাদ পাওয়া গেছে।
 
এ বিষয়ে মুঠোফোনে মিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই আব্দুল আলিমকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, ডাকাতির সংবাদ শুনে তারা তাৎক্ষনিক ঘটনাস্থলে পৌছে ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন।
 
ইত্তেফাক/এএন