দীর্ঘদিনেও সেতুটি নির্মাণ না হওয়ায় কাঠের সাঁকো দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দিনাজপুরের নবাবগঞ্জের নলশীষা নদীর দুই পাড়ে বসবাসকারী জনসাধারণকে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন থেকে নলশীষা নদীর ওপর সেতু নির্মাণের জন্য এলাকাবাসী জনপ্রতিনিধিদের কাছে আবেদন নিবেদন করে আসলেও সেতু নির্মাণ হয়নি। নির্বাচনী আশ্বাস ছাড়া কিছুই পাননি এলাকাবাসী। তাই এখন আর আশ্বাস নয়, বাস্তবে কাজ দেখতে চান এলাকাবাসী। তবে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের অর্থায়নে ২০০ ফুট দীর্ঘ একটি কাঠের সাঁকো তৈরি করে দেয়া হয়েছে। তবে সেটিও এখন নড়বড়ে অবস্থা। নূরু মিয়া নামের এক ব্যক্তি শ্যালো মেশিন দিয়ে ঐ নদী থেকে বালু উত্তোলন করায় নদীর দুই পাড় ভেঙে যাওয়াসহ কাঠের সাঁকোটিও হুমকির মুখে পড়েছে। অথচ এই সাঁকো দিয়েই নবাবগঞ্জ ও রংপুরের শতাধিক গ্রামবাসীকে চলাচল করতে হচ্ছে প্রতিনিয়ত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বজলুর রশীদ বলেন, নলশীষা নদীর ওপর একটি সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোসহ দ্রুত সেতুটি নির্মাণের উদ্যোগ নেয়া হবে।
ইত্তেফাক/এএন
