কালাইয়ে দেড় কোটি টাকা ব্যয়ে নতুন সাব-স্টেশনের উদ্বোধনের ২০ মিনিটের মাথায় ট্রান্সফরমাটি বিকল হয়ে যায়। গত চার মাস অতিবাহিত হওয়ার পর আজও বিকল হওয়া ট্রান্সফরমাটি মেরামত করতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান সিমেন্স ইন্ডিয়া কোম্পানি। তবে ট্রান্সফরমাটি বিকল হওয়ার আড়াই মাসের মাথায় ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের দুইজন ভারতীয় প্রকৌশলী সাব-স্টেশনে পৌঁছে গত দেড় মাস ধরে তা মেরামত করতে ব্যর্থ হয়ে চলে যান।
খোঁজ নিয়ে জানা গেছে, জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির দিন দিন গ্রাহক বৃদ্ধি পাওয়ায় কালাইয়ের জয়পুরহাট-বগুড়া মহাসড়কের দক্ষিণ পার্শ্বে দেড় কোটি টাকা ব্যয়ে ১০ এমভিএ ক্ষমতাসম্পন্ন একটি ট্রান্সফরমার স্থাপন করা হয়। গত ৩ মে সাব-স্টেশনটি উদ্বোধন করাও হয়েছে। কিন্তু উদ্বোধনের দিনে ট্রান্সফরমাটি চালু করার ২০ মিনিটের মাথায় বিকল হয়ে পড়ে। গত ২০ জুলাই নষ্ট হওয়া ট্রান্সফরমাটি মেরামত করতে আসে ওই ঠিকাদারী প্রতিষ্ঠানের দুইজন ভারতীয় প্রকৌশলী। তারা সাব-স্টেশনে পৌঁছে গত দেড় মাস ধরে বিকল ট্রান্সফরমাটি মেরামত করতে না পেরে চলে যায়। বর্তমানে সাব-স্টেশনটি বন্ধ রয়েছে।
কালাই আঞ্চলিক অফিসের উপ-সহকারী প্রকৌশলী ইলিয়াস আলী বলেন, ‘নতুন ট্রান্সফরমারের কি সমস্যা তা কেউ এর সমাধান করতে পারছেন না। তাছাড়া গত এক মাস থেকে ভারতীয় প্রকৌশলীরা নষ্ট ট্রান্সফরমারের কাজ করছেন। গত কয়েক দিন থেকে তাদের কাউকেই ওই সাব-স্টেশনে আর দেখা যাচ্ছে না।
জয়পুরহাট পল্লী বিদ্যুত্ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী আব্দুল কুদ্দুস বলেন, ‘নতুন সাব-স্টেশনে ট্রান্সফরমাটি নিম্নমানের হওয়ায় এর জটিলতা দিন দিন বৃদ্ধি পেতেই থাকবে। পরিবর্তন করা ছাড়া এর কোনো সমাধান নেই।’
ইত্তেফাক/এএন
