সদ্য প্রকাশিত হয়েছে ফারহান অভিনীত ছবি 'রক অন ২'র পোস্টার। ছবিটি মুক্তি পেতে এখনও দেরি থাকলেও এখনই ছবিটি নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। এতে দর্শকদের উত্তেজনা এবং আগ্রহ দুটোই বাড়িয়ে দিয়েছে।
২০০৮ সালে 'রক অন' সিনেমার মধ্যে দিয়েই প্রাচী দেশাই এবং ফারহান আখতার তাদের বলিউড যাত্রা শুরু করেছিলেন। এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে সিক্যুয়েল বানানোর আগে পরিচালক প্রযোজককে অনেকবার ভাবতে হয়েছিল।
ফারহানের মতে 'রক অন ২' ছবিটি বানানোর জন্য তাদের পুরো টিমকেই চ্যালেঞ্জের সামনে পড়তে হয়েছিল। সিক্যুয়েল বানাতে গিয়ে কোন মতেই যে বিপুল জনপ্রিয়তা ছবিটিকে ঘিরে তৈরি হয়ে আছে তা নষ্ট না করাটাই সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল তাদের কাছে।
ফারহান আরো জানান, সিনেমার সিক্যুয়েল বানাতে গিয়ে গান, চিত্রনাট্য এবং অন্যান্য বিষয়গুলি পরিবর্তনের ক্ষেত্রে অনেক চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই 'রক অন' এর মতোই 'রক অন ২' দর্শকদের মধ্যে সমান জনপ্রিয়তা পাবে বলে আশাবাদী ফারহান।
'রক অন ২' ছবিতে অভিনয় করেছেন ফারহান আখতার, অর্জুন রামপাল, লুক কেনি, পূরব কোহলি এবং শ্রদ্ধা কাপুর। খবর: ওয়ান ইন্ডিয়া।
