রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১১০ জন চিকিৎসকের নিয়োগ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দিয়েছে আদালত।
রবিবার সকালে চিকিৎসকদের করা রিভিউ আবেদনের শুনানি নিয়ে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয়।
আদালতে ১১০ চিকিৎসকের পক্ষে ছিলেন ড. কামাল হোসেন। অপরপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, এ এম আমিন উদ্দিন ও শরীফ ভূঁইয়া।
এর আগে গত ২৯ আগস্ট ১১০ চিকিৎসকের মধ্যে যোগ্যদের কীভাবে চাকরিতে রাখা যায়, সে ব্যাপারে মতামত জানাতে নির্দেশ দেন আপিল বিভাগ।
মামলার বিবরণীতে জানা যায়, ২০০৬ সালের ২৬ মে বিশ্ববিদ্যালয়ের ২০তম সিন্ডিকেটে ২০০ জন মেডিকেল অফিসারের পদ সৃষ্টি করা হয়। সেই ধারাবাহিকতায় ১৮ অক্টোবর কিছুসংখ্যক চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়।
সেই নিয়োগ বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে স্বাচিপের তৎকালীন মহাসচিব ইকবাল আর্সলান হাইকোর্টে একটি রিট করেন। ২০০৬ সালের জানুয়ারিতে আদালত এই নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত করেন।
ইত্তেফাক/কেকে
